ফটিকছড়িতে গ্যাস বিষক্রিয়ায় দুই জনের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে মাটির নিচে একটি কুঠুরি থেকে জ্বালানি কাঠ আনতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় দুই জনের মৃত্যু হয়েছে।
তারা হলেন- গৃহকর্তা সজল করিম (৪৭) ও তার ছোট ভাইয়ের স্ত্রী বেনু আক্তার (৩০)।
শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের হাইদছকিয়া গ্রামের এক বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের আরও তিন সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ফটিকছড়ি থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই রূপল চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সজলের বাড়িতে মাটির নিচের ওই কুঠুরিতে জ্বালানি কাঠ রাখা ছিল। দীর্ঘদিন পর ঢাকনা খুলে তিনি সেখান থেকে কাঠ আনতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হন।
পরে তাকে উদ্ধার করতে বেনু আক্তার ও তাদের অপর স্বজন খালেদা আক্তার, হাছান ও হারুন সেখানে ঢুকে।
এ ঘটনার খবর পেয়ে পরে স্থানীয় লোকজন ও ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা সজল ও বেনু আক্তারকে মৃত ঘোষণা করে।
গ্যাসে আক্রান্ত তিন জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
