তিন বাংলাদেশিকে মুক্তি দিল বিএসএফ
সদর উপজেলার ভোমরা সীমান্তবর্তী এক গ্রামে কনে দেখতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের হাতে আটক তিন বাংলাদেশি ছাড়া পেয়েছেন।
সাতক্ষীরায় বিজিবি’র ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বাসির জানান, শুক্রবার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের নাজিমুদ্দিন, আহম্মদ সরদার ও রবিউল ইসলাম সদর উপজেলার ভোমরা এলাকার সীমান্তবর্তী গ্রাম হাড়দ্দহার এক বাড়িতে কনে দেখতে যান।
পরে তারা ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় ঘুরতে যান।ওই সময় অসাবধানতাবশত তারা সীমান্ত অতিক্রম করে ভারতের ঘোজাডাঙা এলাকায় ঢুকে পড়লে বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
লে. কর্নেল আবু বাসির আরো বলেন, খবর পেয়ে বিজিবি এ বিষয়ে বিএসএফ এর সঙ্গে বিকালে এক পতাকা বৈঠক করে। তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা শেষে বিএসএফ আটক তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।
ঘোজাডাঙা বিএসএফ এর পক্ষে এসআই তানশেন সিং ও ভোমরা বিজিবির পক্ষে কোম্পানী কমান্ডার লোকমান হোসেন এ পতাকা বৈঠকে নেতৃত্ব দেন।
