পদ্মাসেতুর কাজ শুরু করে জবাব দেব: কাদের
পদ্মাসেতুর কাজ সঠিক সময়ে শুরু করে বিরোধীদলের বক্তব্যের জবাব দেবেন বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সিলেট-সুনামগঞ্জ সড়কে গোবিন্দগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি একথা বলেন।
জাপানের দাতা সংস্থা জাইকার অর্থায়নে এই সড়কে ১৪টি সেতু হবে বলে মন্ত্রী জানান।
এ সরকারের সময়ে পদ্মাসেতুর কাজ হচ্ছে না বলে বিরোধীদলের বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, “পদ্মাসেতু নিয়ে বিরোধীদল রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। আমরা সঠিক সময়ে কাজ শুরু করে তার জবাব দেব।”
ওবায়দুল কাদের বলেন, এ দেশের হাজার হাজার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তার পাথর-ইট ক্ষয়ে যায়। কিন্ত কাজ আর আলোর মুখ দেখে না। আমরা সেই নীতিতে এগুতে চাই না। আমরা সঠিক সময়ে কাজ শেষ করতে চাই।
মন্ত্রী জানান, এই ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে জাইকার অর্থায়নে সিলেট-সুনামগঞ্জ সড়কে ১৪টি সেতুর কাজ শুরু হল।
এই এলাকার সংস্কার কাজ দ্রুত গতিতে মান ঠিক রেখে সঠিক সময়ে শেষ হবে বলে তিনি জানান।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাতক উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন সাংসদ মুহিবুর রহমান মানিক, সাংসদ শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
