‘দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে দেশে বাহরাইনের দূতাবাস প্রয়োজন’
বাংলাদেশে বাহরাইনের দূতাবাস খোলার আহ্বান জানিয়েছেন সংসদের স্পিকার আবদুল হামিদ। বাহরাইনের সফররত সংসদীয় প্রতিনিধি দল বৃহস্পতিবার স্পিকারের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো বলা হয়, বাংলাদেশ-বাহরাইন সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠকে সম্প্রতি বাহরাইনে অগ্নিকান্ডে ১৩ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
বাহরাইনের সংসদীয় প্রতিনিধি দল সেদেশে কর্মরত অবস্থায় অগ্নিকান্ডে নিহত বাংলাদেশি শ্রমিকদের প্রত্যেক পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানেরও আশ্বাস দিয়েছে।
জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে দু’দেশের সংসদীয় মৈত্রী গ্রুপের এ বৈঠক হয়।
এ বৈঠককে ‘খুবই সফল’ আখ্যায়িত করে আবদুল হামিদ বলেন, দু’দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশে বাহরাইনের দূতাবাস খোলা খুবই জরুরি।
বাংলাদেশ-বাহরাইন সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ও সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি, সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল এবং জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বাহরাইন-বাংলাদেশ মৈত্রী গ্রুপের সদস্য মাহমুদ ইউসুফ আল মাহমুদ এমপি-র নেতৃত্বে মোহাম্মদ সালেম বোকায়েস এমপি, খালেদ জসিম আলী আল মালাউদ এমপিসহ প্রতিনিধিদলের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
শুক্রবার স্থানীয় সময় বিকালে বাহরাইনের রাজধানী মানামায় একটি ভবনে আগুন লেগে ওই ১৩ বাংলাদেশি শ্রমিক নিহত হন।
বৈঠকে জানানো হয়, ১৯৭৪ সালে বাংলাদেশের সংগে বাহরাইনের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
