২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের তিনটি মামলা রায়ের অপেক্ষায়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি মামলা রায়ের অপেক্ষায় রয়েছে বলে আইনমন্ত্রীকে জানিয়েছেন প্রসিকিউটররা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 04:56 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

বৃহস্পতিবার বিকালে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর নেতৃত্বে কয়েকজন প্রসিকিউটর মামলার অগ্রগতি জানাতে সচিবালয়ে আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে দেখা করেন।

পরে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রসিকিউটররা তাকে জানিয়েছেন ট্রাইব্যুনালে তিনটি মামলা রায়ের অপেক্ষায় আছে। ১১টি মামলা তদন্তাধীন ও ১২টি মামলা বিচারাধীন রয়েছে।

যুদ্ধাপরাধীদের বিচার কেউ বাধাগ্রস্ত করতে পারবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, “আন্দোলন-সংগ্রাম করে কোনো লাভ হবে না। যুদ্ধাপরাধীদের বিচার হবেই।”

আন্তর্জাতিক মান বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে ট্রাইব্যুনালে বিচার হচ্ছে বলেও দাবি করেন শফিক।

আইনমন্ত্রী প্রসিকিউটরদের কাজের প্রশংসা করে তাদের নিরাপত্তার বিষয়ে খোঁজ-খবর নেন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এক আদেশে জানায়, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের মামলার রায় হবে যে কোনো দিন দেয়া হবে।

এর আগে গত ২৬ ডিসেম্বর জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

এছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায়ের পর্যায়ে গেলেও ট্রাইব্যুনাল পুনর্গঠনের কারণে আদালত যুক্তিতর্কের অংশটি আবার শুনছে।

গত ১ নভেম্বর কাদের মোল্লার বিরুদ্ধে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে একাত্তরে মুক্তিযুদ্ধে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। এরপর ২৮ ডিসেম্বর অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

মুক্তিযুদ্ধে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর ও ধর্মান্তরে বাধ্য করাসহ মানবতাবিরোধী অপরাধের ২০টি ঘটনায় গত বছর ৩ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে সাঈদীর বিচার শুরু হয়।

চলতি বছর ২ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল-২ এর প্রসিকিউশন আযাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, যাতে জোর করে ধর্মান্তরিত করা, দেশত্যাগে বাধ্য করা, লুট, ধর্ষণ, হত্যা, গণহত্যা ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়।

কাদের মোল্লা, সাঈদী ও আযাদ ছাড়াও জামায়াতের সাবেক ও বর্তমান আমিরসহ নয় শীর্ষ নেতা এবং বিএনপির দুই নেতার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।