পুলিশকে চাপা দিয়ে পালাল ট্রাক
রাজশাহীর মোহনপুরে এক হাবিলদারকে চাপা দিয়ে পালিয়েছেন এক ট্রাকচালক।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী-নওগাঁ সড়কের কেশরহাট পৌরসভার কালীতলায় এ ঘটনায় হাবিলদার নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ বলছে, গাড়ির কাগজপত্র দেখতে চাওয়ার জন্য সঙ্কেত দিলে তা উপেক্ষা করে ওই ট্রাকচালক নজরুলের ওপর দিয়ে ট্রাক চালিয়ে দেয়।
তবে স্থানীয়রা বলছে, সেখানে ট্রাক থামিয়ে চাঁদাবাজি করছিলেন পুলিশ সদস্যরা।
নজরুল (৫০) রাজশাহী জেলা ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। তিনি পরিবার নিয়ে রাজশাহী শহরে বসবাস করতেন।
ট্রাকচাপায় আরশেদ আলী নামে পুলিশের আরেক হাবিলদার আহত হয়েছেন।
আরশেদ সাংবাদিকদের বলেন, “কাগজপত্র দেখার জন্য থামার সঙ্কেত দিলে হাবিলদার নজরুলকে চাপা দিয়ে চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।”
মোহনপুর থানার ওসি জাকিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নজরুলের লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ট্রাক ও এর চালককে আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।
ঘটনার প্রত্যক্ষদর্শী সোহরাব আলী নামে এক ব্যক্তি সাংবাদিকদের বলেন, নজরুল বিভিন্ন গাড়ি থেকে চাঁদা নিচ্ছিলেন।
ট্রাকটিকে থামানোর জন্য রাস্তার মাঝখানে গেলে সেটি তাকে চাপা দিয়ে চলে যায়,” বলেন তিনি।
তবে চাঁদা তোলার কথা অস্বীকার করেছেন ওসি জাকিরুল ইসলাম।
