দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার রাশিয়া থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ৯টা ২৩ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রাশিয়ার সময় বুধবার রাত সাড়ে ১২টায় মস্কো ছাড়েন শেখ হাসিনা।
তার এই সফরে রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং সমরাস্ত্র কেনাসহ তিনটি চুক্তি এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সাতটি সমঝোতা স্মারক সই হয়।
বাংলাদেশের দ্বিতীয় সরকারপ্রধান হিসাবে গত সোমবার মস্কো পৌঁছান শেখ হাসিনা। মঙ্গলবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। পরে তাদের উপস্থিতিতেই চুক্তি ও সমঝোতা সাম্রক স্বাক্ষরিত হয়।
বুধবার সকালে মস্কো স্টেট ইউনিভার্সিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ও রাশিয়ার সহযোগিতার প্রেক্ষাপট নিয়ে বক্তৃতা করেন শেখ হাসিনা।
তিনি বলেন, “আমাদের সদিচ্ছা, আন্তরিকতা ও উদ্দেশ্যগুলো যখন এক বিন্দুতে মিলিত হবে, আমাদের বন্ধুত্বও আরো শক্ত ভিত্তি পাবে, তাতে সুফল আসবে, দুই দেশের মানুষের জীবনে আসবে সমৃদ্ধি।”
“আমি আজ মস্কোয় এসেছি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সঙ্গে নিয়ে সেই বন্ধুত্ব আর সহযোগিতার বীজ বুনতে, যার ফল হয়তো আগামীতে আপানারা ভোগ করবেন।”
রাশিয়ার আনবিক শক্তি কর্পোরেশন রোসাটমের পমহাপরিচালক সের্গেই কিরিয়েনকো বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং পাবনার রূপপুরে বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাজ এই বছরই শুরুর আগ্রহ দেখান।
ঢাকার উদ্দেশ্যে মস্কো ছাড়ার আগে প্রধানমন্ত্রীর সর্বশেষ আনুষ্ঠানিক কর্মসূচি ছিল গ্যাজপ্রম কার্যালয় পরিদর্শন। এ সময় গ্যাজপ্রমের কার্যক্রম এবং ইউরোপে গ্যাস সরবরাহ ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম ওয়াহিদুজ্জামান, ইআরডি সচিব আবুল কালাম আজদ এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর রাশিয়ায় শেখ হাসিনার দ্বিতীয় সফর ছিল এটি।
এর আগে ২০১০ সালের নভেম্বরে বাঘ সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবুর্গে গিয়েছিলেন তিনি।
