ডেমরায় ‘গোলাগুলির’ পর গ্রেপ্তার ৩
রাজধানীর ডেমরা এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মহাকাশ রোডে বুধবার সন্ধ্যার ওই ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। তার নাম হোসেন সরকার (২৪)।
ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৫টার দিকে একটি মোটর সাইকেলে করে তিনজন মহাকাশ রোড দিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে পুলিশ তাদের থামতে সঙ্কেত দেয়।
“তারা না মেনে দ্রুত যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের গুলি মোটর সাইকেল আরোহীদের একজনের পায়ে লাগে। তখন তারা সবাই মোটর সাইকেল থেকে পড়ে যায়।”
এরপরই পুলিশ তাদের ধরে ফেলে জানিয়ে উপকমিশনার মোজাম্মেল বলেন, তাদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার অন্য দুই জন হলেন- মাসুম (২২) ও সজিব (২৩)।
আহত হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ডেমরা থানার ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তার বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, তা যাচাই করে দেখা হচ্ছে।
