‘বছরে ২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমা অতিক্রম করছে’
প্রতি বছর বাংলাদেশের ২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে আসছে বলে জানিয়েছেন বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ক্ষুদ্রঋণের মাধ্যমে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা বিষয়ক একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, “২০১০ সালে বাংলাদেশে ৩০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করতো। প্রতিবছর ২ শতাংশ মানুষ দারিদ্রসীমার উপরে উঠে আসছে। আমরা এখন ২০১৩ সালে আছি। বাংলাদেশে এখন দারিদ্র্যের হার ২৬ শতাংশ।”
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, এ অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ উন্নয়নে এগিয়ে আছে। এজন্য ইকোনোমিস্টের মতো বিদেশি পত্রিকাগুলো বলছে, আগামী কয়েক দশকের মধ্যে বাংলাদেশ উন্নত দেশগুলোর একটিতে পরিণত হবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২ থেকে ৪ শতাংশ কমে যাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের জন্য জলবায়ু পরিবর্তন কোনো আশঙ্কা নয়, বাংলাদেশের জন্য এটা বাস্তবতা। অতীতে এথানে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগগুলোও বাস্তবতা। তবে বিভিন্ন সময়ে বাংলাদেশের মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দারুণ সাফল্য দেখিয়েছে।
গত কয়েক দশকে দেশের অর্থনীতিতে ক্ষুদ্রঋণ বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন হাছান মাহমুদ।
“জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তাদের আরো সাহায্য করতে পারে ক্ষুদ্রঋণ। তবে গবেষণায় দেখা যায়, প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকাগুলোতে ক্ষুদ্রঋণ নেয়ার হার কমে যায়, কারণ এসব অঞ্চলের মানুষের অভিযোজন ক্ষমতা কমে যায়।”
তাদের অভিযোজন ক্ষমতা পুনর্নির্মাণের কাজে ক্ষুদ্রঋণ কীভাবে কাজে লাগানো যায় যায় তার উপায় বের করারও পরামর্শ দেন তিনি।
জাপানের ইনিস্টিটিউট ফর গ্লোবাল এনভায়রনমেন্টাল স্ট্র্যাটেজিসের (আইজিইএস) সহায়তায় ‘বিল্ডিং রেসিলিয়েন্স অ্যান্ড অ্যাডাপটিভ ক্যাপাসিটি টু ক্লাইমেট চেঞ্জ থ্রু মাইক্রোফিনান্স ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পটি পরিচালনা করছে বেসরকারি প্রতিষ্ঠান ইনিস্টিটিউট অব মাইক্রোফাইন্যান্স (আইএনএম)।
আইএনএম’র প্রধান অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান আহমেদ বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারছি কি না এবং এর সমাধান করতে পারছি কি না।
আইএনএম এ সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারছে বলে তিনি বিশ্বাস করেন।
এ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি সেগুলো মোকাবেলায় ক্ষুদ্রঋণের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দেয়াসহ বিভিন্ন পদক্ষেপও নেয়া হবে বলে জানান কাজী খলিকুজ্জামান।
বিকালে এ প্রকল্পটির উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয় সোনারগাঁও হোটেলের সুরমা কনফারেন্স হলে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক উন্নয়ন দপ্তরের(ডিএফআইডি) আঞ্চলিক প্রতিনিধি সারাহ কুক এবং আইএনএম’র নির্বাহী পরিচালক এম এ বাকি খলিলি।
