সাভারে কলেজছাত্রী ধর্ষণের ‘মূল হোতা’ গ্রেপ্তার, রিমান্ড
সাভারে কলেজছাত্রীকে ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণের ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে বরগুনার তালতলি এলাকা থেকে জাহিদুল ইসলাম ওরফে রাজুকে (২২) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম।
গ্রেপ্তারকৃত রাজু (২২) সাভার বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
এসআই আশরাফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে বরগুনা জেলার তালতলি এলাকায় পুলিশের দুটি টিম অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করে।
সে তালতলি এলাকায় খালা রাশেদা বেগমের বাড়িতে আত্মগোপন করেছিল। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ২৫ নভেম্বর সকালে সিঙ্গাইর ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রীকে (১৮) পরীক্ষা আছে বলে ডেকে নিয়ে যায় তারই সহপাঠী বান্ধবী সূচী ওরফে লিজা।
পরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির একটি মেসে ঢুকিয়ে দিয়ে চলে যান। এরপর ওই মেসে থাকা জাহেদ ওরফে রাজু তাকে ধর্ষণ করে।
এ সময় তার চিৎকার শোনা না যাওয়ার জন্য তারা ফুল ভলিউমে কম্পিউটারে গান ছেড়ে দেয়। আর ধর্ষণের চিত্র ক্যামেরায় ধারন করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে মেয়েটির পরিবারে কাছ থেকে মোটা অংকের টাকা দাবী করার অভিযোগ উঠে।
এ ঘটনায় গত ৩ জানুয়ারী কলেজছাত্রীর মা সাভার মডেল থানায় ১১ জনকে আসামি করে একটি মামলা করেন।
পরে পুলিশ সাভার ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে। উদ্ধার করে ধর্ষণের ভিডিও চিত্রের সিডি।
গ্রেপ্তার ও এজাহারভুক্ত পলাতক আসামিদের বেশিরভাগই বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থী। তারা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু বলেও পুলিশ জানায়।
