২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়েতে রাজি না হওয়ায় অ্যাসিডে ঝলসালো ইডেন ছাত্রী

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ইডেন কলেজের এক ছাত্রীর গায়ে অ্যাসিড ছুড়েছে তার দুই ‘বন্ধু’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 09:41 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ইডেন কলেজের এক ছাত্রীর গায়ে অ্যাসিড ছুড়েছে তার দুই ‘বন্ধু’, করেছে ছুরিকাঘাতও।

বাংলা চতুর্থ বর্ষের ছাত্রী শারমিন আক্তার আঁখির (২৪) মুখ ও ডান হাত অ্যাসিডে ঝলসে গেছে। তার হাতে, পায়ে ও পিঠে ছুরিকাঘাতে মোট পাঁচটি চিহ্ন রয়েছে।

শারমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলা সাড়ে ১২টার দিকে চাঁনখারপুল কাজী অফিসের ভেতরে দুই বন্ধু মনির ও মাসুম অ্যাসিড মারে বলে বংশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ জানিয়েছেন।

শারমিনকে উদ্ধৃত করে এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মনির ও মাসুম নামে দুই বন্ধু তাকে কাজী অফিসের সামনে ডেকে এনে তাদের একজনকে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় তারা অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়।”

শারমিনের স্বজনদের দাবি, মনির ও মাসুম নামে ওই যুবক শারমিনের বন্ধু ছিল না। তারা তাকে ছুরি ও অ্যাসিডের ভয় দেখিয়ে কাজী অফিসে নিয়ে জোর করে বিয়ে করতে চেয়েছিল।

শারমিনের বড় ভাই সরকারি চাকরিজীবী ফখরুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে সেগুন বাগিচা অফিসার্স কোয়ার্টারের বাসা থেকে ইডেন কলেজে রওয়া হন শারমিন। পথে মনির ও মাসুম তাকে ছুরি ও অ্যাসিডের ভয় দেখিয়ে ওই কাজী অফিসে নিয়ে আসে।

তিনি বলেন, মনির প্রায়ই শারমিনকে উত্যক্ত করত। বিষয়টি শারমিন তাকে জানলেও তিনি থানায় কোনো অভিযোগ করেনি।

মনিরের পরিচয জানতে চাইলে তিনি বলেন, যতটুকু জানি মনির মোহাম্মদপুর এলাকায় থাকে।

হাসপাতালে শারমিন সাংবাদিকদের জানান, তাকে কাজী অফিসের নিয়ে বিয়ের জন্য চাপ দেয় মনির। বিয়েতে রাজি না হওয়ার প্রথমে মনির এসিড মারে এবং পরে ছুরিকাঘাত করে।

দুই ভাই, পাঁচ বোনের মধ্যে শারমিন পঞ্চম। তাদের বাড়ি হবিগঞ্জের মাধবপুরে।

এএসআই বিশ্বজিৎ জানান, অ্যাসিডে ঝলসানোর পর শারমিন কাজী অফিসের সামনে পড়ে ছিলেন। মানুষের জটলা দেখে তিনি সেখানে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কাজী অফিসের নিচের দোকান লতিফ ফার্মেসির মালিকের ছেলে রায়হান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা সোয়া ১২টার দিকে একটি ছেলের হাত ধরে মেয়েটি কাজী অফিসের ভেতরে ঢোকে। এ সময় তাদের সঙ্গে আরেকটি ছেলে ছিল।

“এর ১০ থেকে ১৫ মিনিটের মাথায় ওই দুটি ছেলেকে কাজী অফিস থেকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখি। তার পরপরই কাতরাতে কাতরাতে বেরিয়ে আসে ওই তরুণী।”

শারমিন বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই অফিসে তালা লাগিয়ে সেখান থেকে সটকে পড়েন কাজী।

রায়হান জানান, ওই অফিসের কাজীর সহকারী নাম মো. মাহবুব। তবে মূল কাজীর নাম হাবিবুল্লাহ খান।

ঘটনার সময় মাহবুব ছিল বলে তিনি জানান।

এ ঘটনায় মেয়েটির  ছোট ভাই মহিউদ্দিন আহমেদ বাদি হয়েছে বংশাল থানায় একটি মামলা করেছেন বলে জানান থানার পরিদর্শক আবুল হাসান।

তিনি বলেন, মনির ও তার বন্ধু মাসুমকে ওই মামলার আসামি করা হয়েছে।