সরকারি স্কুল শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি স্থগিত
সাত দফা দাবিতে লাগাতার কর্মবিরতি পালনের কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি।
সোমবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজ উদ্দিনের সঙ্গে শিক্ষক সংগঠনের নেতাদের বৈঠকের পর আগামী ২৭ জানুয়ারি পর্ন্ত এই কর্মসূচি স্থগিত করা হয়।
সমিতির সহ-সভাপতি জাহিদুর রহমান জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেয়া, সহকারি শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নয়ন, সহকারি শিক্ষকদের মাঝ থেকে বিভিন্ন পদে পদোন্নতি, শিক্ষক নিয়োগবিধি প্রণয়নসহ সাত দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।
দাবি আদায়ে গত বছরের ১৫ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক সমাবেশে ১৫-১৭ জানুয়ারি প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালনের ঘোষণা দেয় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি।
এছাড়া আগামী ১৯-২১ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্ন্ত এবং ২৩-২৫ জানুয়ারি অর্ধদিবস কর্মবিরতি এবং ২৬ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষক নেতারা।
শিক্ষক সমিতির যুগ্ম মহাসম্পাদক ওয়েছ আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষকদের দাবি বাস্তবায়নের বিষয়ে মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। সচিব তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।
শিক্ষকদের দাবি মেনে নেয়ার বিষয়ে আশ্বাস পাওয়ায় লাগাতার কর্মবিরতি কর্মসূচি ২৭ জানুয়ারি পর্ন্ত স্থগিত করা হয়েছে জানান এই শিক্ষক নেতা।
তিনি আরো বলেন, “আগামী ২৭ জানুয়ারি ঢাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্মেলনে প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় উন্নীতকরণ এবং সহকারি শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নয়নসহ অন্যান্য দাবি মেনে নেয়ার বিষয়ে সরকারি ঘোষণার রূপরেখা চূড়ান্ত করা হবে।”
