মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২০ জন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বানিয়াজুরিতে ঢাকা-আরিচা মহাসড়কে একটি সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে বলে ঘিওর থানার ওসি আশরাফুল ইসলাম জানান।
নিহত হামিদ উদ্দিনের (৫৮) বাড়ি পাবনার চাটমোহরে।
দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় দুর্ঘটনাস্থলের দুই পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে।
ওসি জানান, বানিয়জুরি সেতুর উপর ঢাকাগামী একটি গরুবোঝাই ট্রাকের সঙ্গে পাটুরিয়াগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হামিদ উদ্দিনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।পরে রেকার এনে দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নিলে দেড় ঘণ্টা পর মহাসড়কে আবার যান চলাচল শুরু হয়।
