উন্নয়ন ফি বাতিলের দাবিতে জগন্নাথে ব্যাংক অবরোধ
প্রথম বর্ষে ভর্তিতে উন্নয়ন ফি পুরোপুরি প্রত্যাহারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাড়ে তিন ঘণ্টা ব্যাংক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১০টা থেকে প্রগতিশীল ছাত্রজোট বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ক্যাম্পাসে অগ্রণী ব্যাংকের শাখা কার্যালয় অবরুদ্ধ করে রাখা হয়।
এর আগে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল করে শিক্ষার্থীরা। দুপুর দেড়টার দিকে এদিনের মতো অবরোধ কর্মসূচি শেষ করে ফের ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল করে তারা।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির সময় শিক্ষার্থীদের উন্নয়ন ফি বাবদ তিন হাজার টাকা দিতে হচ্ছে।
প্রগতিশীল ছাত্রজোটভুক্ত সংগঠন ছাত্র ইউনিয়নের সভাপতি ফারুখ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বছর ছাত্রদের সঙ্গে আলোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছিল, এ বছর থেকে কোনো উন্নয়ন ফি থাকবে না।”
“এই উন্নয়ন ফি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
গত বছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উন্নয়ন ফি পাঁচ হাজার টাকা নির্ধারণ করলে তার বিরুদ্ধে আন্দোলন নামে শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে উন্নয়ন ফি কমিয়ে তিন হাজার টাকা করা হয়।
