২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর অনুরোধে ‘থাকতে রাজি’ রাজউক চেয়ারম্যান

পদত্যাগপত্র জমা দেয়ার পর নাটকীয় পরিস্থিতির মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর অনুরোধে তা আবার ফিরিয়ে নিয়েছেন রাজধানী উন্নয়্ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 04:36 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

তিনি বলছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি মেয়াদ শেষ হওয়ার এক মাস আগেই অব্যাহতি চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত প্রতিমন্ত্রীর অনুরোধে মার্চ পর্যন্ত দায়িত্বে থাকতে সম্মত হয়েছেন।   

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানও বলেছেন, নুরুল হুদা মেয়াদের পুরো সময় দায়িত্ব পালন করবেন বলেই তারা আশা করছেন।

রোববার রাত থেকেই নুরুল হুদার পদত্যাগের গুঞ্জন শুরুর পর সোমবার সকালে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সচিবের কাছে পদত্যাগপত্র দিয়েছেন রাজউক চেয়ারম্যান।

কিন্তু বেলা সোয়া ১১টার দিকে সচিব খোন্দকার শওকত হোসেন মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, রাজউক চেয়ারম্যানের পদত্যাগের খবর ‘নিছকই গুজব’।

“এটা সম্পূর্ দূরভিসন্ধিমূলক একটা প্রচারণা। এর কোনো সত্যতা নেই। তিনি পদত্যাগ করেননি। আমরাও কোনো পদত্যাগপত্র পাইনি।”
নুরুল হুদার পদত্যাগের খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সচিব বলেন, “কোনো অশুভ উদ্যেশ্য নিয়ে একটি গোষ্ঠী এ প্রচার চালাচ্ছে। একটা কারণ হতে পারে, রাজউক অনেক বড় বড় কাজ করছে।”

এদিকে সকালে রাজউক চেয়ারম্যানের কার্যালয়ে টেলিফোন করলে সেখান থেকে বলা হয়, নুরুল হুদা বাসা থেকে সরাসরি মন্ত্রণালয়ে গেছেন, অফিসে আসেননি। 

সচিব যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন রাজউক চেয়ারম্যান তখন প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের কক্ষেই ছিলেন। কিছুক্ষণ পর তারা দুজনেই ওই কক্ষ থেকে বেরিয়ে আসেন।

এ সময় এক সাংবাদিক রাজউক চেয়ারম্যানের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মান্নান খান বলেন, “আমরা এ রকম কিছু পাইনি।”

সাংবাদিকরা এ সময় সরাসরি নুরুল হুদাকেই এ বিষয়ে প্রশ্ন করেন।

জবাবে তিনি বলেন, “শারীরিক অসুস্থতার কারণে ডাক্তার আমাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। আগামী মার্চ মাসে আমার মেয়াদ শেষ হবে। আমি এক মাসের মধ্যেই অব্যাহতি চেয়েছি।”

তার পাশে দাঁড়ানো মান্নান খান এ সময় বলেন, “অনেক বড় বড় কাজ চলছে। আমরা একসঙ্গে সেগুলো সম্মন্ন করতে চাই। আশা করছি উনি মেয়াদের শেষ পর্ন্ত থাকবেন।”

এ সময় রাজউক চেয়ারম্যানও মার্চ পর্যন্ত কাজ চালিয়ে যেতে সম্মতি জানান।

তিনি বলেন, “আমি অব্যাহতি চেয়েছি। তারপরও যদি স্যারেরা না ছাড়েন, অগত্যা আমাকে মেয়াদ শেষ হওযা পর্যন্ত কাজ করতে হবে। তবে তার বেশি না।”

প্রতিমন্ত্রী ও রাজউক চেয়্যারম্যানের মধ্যে মনোমালিন্য রয়েছে- এমন গুঞ্জনের বিষয়ে দৃষ্টি আকর্ণ করলে দুজই তা অস্বীকার করেন।
 

২০০৯ সালের ৩০ মার্চ অতিরিক্ত সচিবের পদমর্যাদায় দুই বছরের জন্য রাজউকের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান নুরুল হুদা। মেয়াদ পূর্ণ হওয়ার পর দুই দফায় এক বছর করে তার মেয়াদ বাড়ানো হয়।

গত বছর ২৭ ফ্রেবুয়ারি এক বছরের জন্য তার মেয়াদ বাড়ানো হয়।