২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমা মাঠের ‘দখল’ খতিয়ে দেখার নির্দেশ

ইজতেমা মাঠের জমি দখল হয়েছে কি-না, তা খতিয়ে দেখতে বলেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 08:10 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই আদেশ দেয়।

আগামী ৩০ জানুয়ারির মধ্যে টঙ্গীর মেয়রকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

একইসঙ্গে জমি দখল হয়ে থাকলে তা কেন উচ্ছেদের নির্দেশ দেওয়া হবে না এবং সারা বছর ইজতেমা মাঠ দখলমুক্ত রাখার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

শুক্রবার শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

তাবলীগ জামায়াতের কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল গত ৩ জানুয়ারি রিট আবেদনটি দায়ের করেন।

আদালতে আবেদনকারী পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন। তাকে সহায়তা করেন মো. আহসান ও মো. জহিরুল ইসলাম সুজন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।

মো. জহিরুল ইসলাম সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৮ সালে ইজতেমা ময়দানের জন্য সরকার ১৪ দশমিক ৯৩৫ একর জমি সরকার বরাদ্দ দেয়। ওই জমির অনেক এলাকা বিভিন্নভাবে দখল হয়ে গেছে। ওই জমি দখলমুক্ত করার জন্য এই রিট আবেদনটি দায়ের করা হয়।