২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গর্ভপাত করায় স্বামীর মামলা, স্ত্রী কারাগারে

গর্ভের সন্তান ‘নষ্ট’ করার অভিযোগে বরগুনায় এক নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 05:46 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

বরগুনা থানায় স্বামী মিরাজের দায়ের করা মামলায় শুক্রবার রাতে ফাতেমা আক্তার লাকী এবং তার পরিবারের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

অপর দুইজন হচ্ছেন লাকীর মা রেনু বেগম ও বাবা আব্দুল লতিফ হাওলাদার।

শনিবার গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি মনির হোসেন (লাকীর ভাই) পলাতক রয়েছেন।

বরগুনা সদর থানার এএসআই ওবায়দুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের নির্দেশে লাকুরতলার বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মামলার অভিযোগে জানা যায়, বিয়ের কিছুদিন পর থেকে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে মিরাজের মনোমালিন্য হয়। স্ত্রী লাকীর বাবা-মা মিরাজের বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করার কারণেই ওই মনোমালিন্যের সূত্রপাত হয়।

সম্পর্কের অবনতি হলে লাকী বাবা-মাসহ মিরাজের বাড়ি ছেড়ে চলে যান। ওই সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। পরিবারের সদস্যদের সহায়তায় হাসপাতালে গিয়ে গর্ভপাত ঘটান ওই নারী।

এ ঘটনার পর গত ১০ জুলাই লাকী স্বামীর বিরুদ্ধে একটি যৌতুকের মামলা করেন, যাতে গ্রেপ্তার হন মিরাজ। সেই সুযোগে মিরাজের বসত ঘরে আবার বসবাস শুরু করে লাকী ও তার বাবা-মা।

এরপর মিরাজ জামিনে বের হয়ে স্ত্রীর বিরুদ্ধে ‘অবৈধ গর্ভপাতের’ মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা সদর থানার এসআই ইলিয়াস হোসেন প্রতিবেদনে উল্লেখ করেন, “লাকীর বেপরোয়া চলাফেরার করণেই তাদের মধ্যে ঝগড়া হত।যৌতুকের মামলা করার আগে লাকী অন্তঃসত্ত্বা ছিলন বলে বরগুনা সদর হাসপাতালের ডাক্তার সিদ্দিকার প্রতিবেদনে উল্লেখ আছে। তবে বর্তমানে লাকী বেগমের গর্ভে সন্তান নেই। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।”

গত ১০ ডিসেম্বর আদালতে ওই প্রতিবেদন জমা দেয়া হয়।

তবে গ্রেপ্তার লাকী দাবি করেন, স্বামী মিরাজের উশৃঙ্খল জীবন-যাপনের কারণে তিনি গর্ভপাত করিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২৩৩৫ ঘ.