বেড়ানোর জন্যও বাণিজ্য মেলা
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দশনার্থীদের আকৃষ্ট করতে বিভিন্ন অভিনব নকশার প্যাভিলিয়ন, শিশুদের জন্য নানা মজার আয়োজন করে থাকে অংশ নেয়া অনেক প্রতিষ্ঠান। তাই শুধু কেনাকাটা নয়, এসব সাজসজ্জা দেখা এবং শুধু ঘুরে বেড়ানোর উদ্দেশ্যেও অনেকেই আসছেন মাসব্যাপী এ মেলায়।
আকর্ষণীয় প্যাভিলিয়নগুলোর প্রতি দর্শনার্থীদের আগ্রহও দেখা যাচ্ছে বেশ। যে প্যাভিলিয়নের নকশা যতো বেশি অভিনব, সেখানে দশনার্থীর ভিড় ততো বেশি।
এছাড়া আইসক্রিম, জুস, চা-কফিসহ খাবারের দেশি-বিদেশি স্টলগুলোতেও ভিড় জমছে বেশ।
প্রতিবার বিজয় সরণি ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দিক থেকে মেলার আসার পথগুলোতে প্রচুর সংখ্যক ফেরিওয়ালা, হকার ও চটপটির দোকান বসে থাকে। তবে এবার মেলার প্রবেশপথগুলোর বাইরে এসব দোকান প্রায় নেই বললেই চলে।
মেলায় অংশ নেয়া একটি দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের প্যাভিলিয়নটি বানানো হয়েছে রূপকথার রাজপ্রাসাদের আদলে। এ প্যাভিলিয়নের প্রবেশপথে দশর্নার্থীদের ভিড়ে প্যাভিলিয়ন থেকে বেরিয়ে আসার পথও বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা দেখা যায়।
আরেকটি প্যাভিলিয়নের সামনে জনপ্রিয় কার্টুন চরিত্র ‘উইনি দ্য পুহ’কে দেখা গেল শিশুদের সঙ্গে নাচতে, হাত-পা ছুড়ে কৌতুক করতে।
দেশি কারুশিণ্পের একটি প্রতিষ্টানের প্যাভিলিয়নটি বানানো হয়েছে একটি বাঁশ নির্মিত বাড়ির নকশায়। এখানে শুধু সুন্দর প্যাভিলিয়ন দেখার জন্য নয়, বরং দেশে তৈরি এবং বিদেশে রপ্তানি হওয়া পাট, উল, চামড়া প্রভৃতি উপকরণে তৈরি কার্পেট, শতরঞ্জি, ব্যাগ, চাদর প্রভৃতি কিনতেও ভিড় করছেন দর্শনার্থীরা।
গত তিন বছর ধরে বাণিজ্যমেলায় অংশ নেয়া এ প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক আলতাফ হোসেন সেলিম শনিবার বলেন, “প্রথম বছর আমরা করেছিলাম মাটির বাড়ি, গতবছর করেছিলাম কাঠের বাড়ি, এবার করেছি বাঁশের বাড়ি। আমাদের প্যাভিলিয়নে আসা ৫০ শতাংশ দর্শনার্থী আসেন ঘুরতে বা ছবি তুলতে।”
তবে এবার পণ্য বিক্রিতে আকর্ষণীয় ছাড় দেয়ায় পণ্যের প্রতিও দর্শনার্থীদের আগ্রহ গত দুই বছরের তুলনায় বেড়েছে বলে জানান তিনি।
কোনো প্যাভিলিয়নে রাখা হয়েছে ওই প্রতিষ্ঠানের পণ্য দিয়ে প্রস্তুত করা বিভিন্ন ধরনের পানীয় বা খাবার। এসব প্যাভিলিয়নে ভিড় কিছুটা বেশি। এছাড়া নতুন ধরনের কোনো খাবার থাকলে সেসব প্যাভিলিয়ন বা স্টলে দর্শনার্থীদের ভিড় কিছুটা বেশি লক্ষ্য করা যায়।
তবে সব পণ্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পণ্যের মান কমেছে বলে অভিযোগ করেন রামপুরা থেকে আসা চাকরিজীবী আফসার উদ্দিন।
