২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ছাত্রলীগ-ছাত্রদল-পুলিশ সংঘর্ষ

আধিপত্য বিস্তার নিয়ে শনিবার সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগ-ছাত্রদল ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিরাজগঞ্জ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 12:24 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

সংঘর্ষ থামাতে পুলিশ ও র‌্যাব লাঠিপেটা করা ছাড়াও রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। ঘটনাস্থল থেকে ছয় জনকে আটক করেছে পুলিশ।

দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ছাত্রলীগ ও ছাত্রদল নিজ নিজ পক্ষের ১৫ জন করে আহত হওয়ার দাবি করেছে। পুলিশের দাবি র‌্যাব-পুলিশের আট সদস্য আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ছাত্রদলের ৭/৮ জন নেতাকর্মী কলেজে গেলে সংগঠন দু’টির সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর ছাত্রলীগ নেতারা ছাত্রদলের ওই নেতাকর্মীদের কলেজ থেকে বের করে দেন।

এর জেরে দুই সংগঠনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে তারা।

সংঘর্ষ চলাকালে কলেজের আশপাশের ইলিয়ট ব্রিজ থেকে কালিবাড়ি, ইবি রোড, ইসলামিয়া কলেজ রোড ও সরকারি কলেজ রোড, নগরদীপ পুল রোড ও ভোকেশনাল সড়ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সিরাজগঞ্জ সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গেলে ছাত্রদল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। ইট-পাটকেলের আঘাতে তিনিসহ পুলিশের আট জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ছয় জনকে আটক করা হয়েছে।

শহরের বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, শক্তি প্রদর্শনের জন্য অতর্কিতভাবে ছাত্রদল সমর্থকরা কলেজে ঢুকে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। এতে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

জেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ বলেন, পরীক্ষা সংক্রান্ত বিষয়ে জানার জন্য ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কলেজে গেলে ছাত্রলীগ তাদের মারধর করে কলেজ থেকে বের করে দেয়। এতে সংঘর্ষ বধে। এ ঘটনায় ছাত্রদরের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।