রোকেয়ায় হামলা: ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় ছাত্রলীগের একশ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
এছাড়া উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি কয়েকটি বাম রাজনৈতিক দলও কর্মসূচি ঘোষণা করেছে।
রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অ্যাসিড হামলার শিকার ও মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের সদস্য সচিব ড. তুহিন ওয়াদুদ বাদী হয়ে শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন।
মামলায় গ্রেপ্তার তিনজনসহ ৩০ জনের নাম উল্লেখ করে ছাত্রলীগের একশ’ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এদিকে পাঁচ শিক্ষকের ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদ এবং উপাচার্যের অপসারণ দাবিতে শনিবার কালোব্যাজ ধারণ ও মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
রংপুর প্রেসক্লাব চত্বরে বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের তিন হাজারের বেশি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
মানববন্ধন বক্তব্য দেন, মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের আহ্বায়ক ড. আর এম হাফিজুর রহমান, আপেল মাহমুদ, ওমর ফারুখ, গোলাম রব্বানী, সানোয়ার সিরাজ প্রমুখ।
আন্দোলনের অংশ হিসেবে আগামী সোমবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। এছাড়া বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকেই উপাচার্যের কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট শুরু হবে বলেও জানান তারা।
আন্দোলনকারীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা সম্পাদক নজরুল ইসলাম হক্কানী, জেলা জাসদ সাধারণ সম্পাদক সাখাওয়াৎ রাঙ্গা, সিপিবি জেলা সভাপতি শাহাদৎ হোসেন, বাসদ জেলা সমন্বয়ক আব্দুল কুদ্দুস, গণতন্ত্রী পার্টি জেলা সভাপতি আরশাদ হারুন, উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সভাপতি শাশ্বত ভট্টাচার্য, জেলা ছাত্রলীগ সভাপতি ধনজিৎ ঘোষ তাপস, প্রজন্ম ৭১ সভাপতি দেবদাস ঘোষ দেবু।
এছাড়া ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফন্ট, ছাত্র ইউনিয়নও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে।
এদিকে সংহতি প্রকাশ ছাড়াও ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, জাসদ, সিপিবি ও বাসদ যৌথভাবে সংবাদ সম্মেলন করে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে।
ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক নজরুল ইসলাম হক্কানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্মসূচির মধ্যে রয়েছে ক্যাম্পাসে ছাত্রলীগ ও বহিরাগতদের চিহ্নিত করে গ্রেপ্তার, অ্যাসিড হামলার প্রতিবাদ এবং অবিলম্বে উপাচার্যের অপসারণ দাবিতে রোববার দুপুর ১২টায় নগরীর কাছারীবাজার জিরো পয়েন্টে মানববন্ধন, জেলা প্রশাসকের মাধ্যমে বিশ্ববিদ্যালয় আচার্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান এবং সোমবার বেলা ১১টায় রাজা রামমোহন ক্লাব অডিটরিয়ামে সমাবেশ।
সোমবারের মধ্যে উপাচার্যের অপসারণ না হলে সমাবেশ থেকে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
উপাচার্য ড. আব্দুল জলিল মিয়ার দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ এবং তার অপসারণের দাবিতে সওচতন শিক্ষক সমাজের ব্যানারে শিক্ষকরা এবং সম্মিলিত ছাত্র সমাজের ব্যানারে শক্ষার্থীরা যৌথভাবে গত ৫ জানুয়ারি থেকে আন্দোলন শুরু করেন। আন্দোলন চলাকালে গত বৃহস্পতিবার (১০ জানুয়ারি) হামলা হয় আন্দোলনকারীদের ওপর। এসয় হামলাকারীদের ছোড়া অ্যাসিডে পাঁচ শিক্ষক দগ্ধ হন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সচেতন শিক্ষক সমাজের নেতা এবং মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের সদস্য সচিব ড. তুহিন ওয়াদুদ ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ড. মতিউর রহমান।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণাসহ ক্যাম্পাসে সকল প্রকার সভা সমাবেশ, মানববন্ধন ও অনশন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
শিক্ষকদের ওপর অ্যাসিড হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা ইংরেজি প্রথম ব্যাচের ছাত্র মেহেদী হাসান শিশির, কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথম ব্যাচের ছাত্র হাদীউজ্জামান হাদী ও হিসাববিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের ছাত্র মোহাম্মদ আলী রাজকে শুক্রবার রাত ৮টায় জেলা ছাত্রলীগ কার্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ।
