আইনজীবীদের এক থাকতে বললেন শেখ হাসিনা
বিভেদের কারণে বার কাউন্সিল নির্বাচনে পরাজয়ের প্রেক্ষাপটে সরকার সমর্থক আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
শনিবার গণভবনে এক সভায় বিভিন্ন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং বিভিন্ন বারের আইনজীবী নেতার পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে এই আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন,“যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ও যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে চায়, তারা বিভ্রান্তি ছড়াবে। এজন্য আইনজীবীদের সজাগ থাকতে হবে।”
সভায় বক্তব্য দেয়ার সুযোগ পাওয়া আইনজীবীরা ২০১২ সালে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে স্বাধীনতার পর প্রথম আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সংখ্যাগরিষ্ঠতা হারানোর জন্য দলীয় কোন্দলকে দায়ী করেন।
শেখ হাসিনা তখন বলেন, “এবার বার কাউন্সিল নির্বাচনের ফলাফলের জন্য আমার নিজেকেই দায়ী মনে হচ্ছে। আমাকে আরো শক্তভাবে ধরা উচিত ছিল।”
জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এম জাহিদ আনোয়ার মুক্তিযুদ্ধের সপক্ষের আইনজীবীদের ঐক্য ধরে রাখতে শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
রাজশাহী মহানগর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল হক বলেন, “এই পরাজয় কতিপয় ব্যক্তির সুষ্পষ্ট ষড়যন্ত্র। আদর্শের ঐক্য না হলে প্রকৃত ঐক্য হয় না। যাদের জন্য পরাজয় হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
আওয়ামী আইনজীবী পরিষদ এবং বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ এক করার কথাও বলেন তিনি।
কারো নাম উল্লেখ না করে রংপুর থেকে আসা আইনজীবী আব্দুল মালেক বলেন, “আমাদের মধ্যে এই বিভাজন গুটি কয়েক ব্যক্তির জন্য।”
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বার কাউন্সিল নির্বাচনে পরাজয়ের জন্য সরাসরি জ্যৈষ্ঠ আইনজীবী বাসেত মজুমদারকে দায়ী করেন।
সিলেট বিভাগ থেকে আসা আজাদুর রহমান বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে চায়- আমাদের মধ্যে লুকিয়ে থাকা কিছু লোক।”
“আমরা যারা ছাত্রলীগ, যুবলীগ করেছি, এখন আওয়ামী লীগ করছি, তাদের কমিটমেন্ট আছে। যারা করেনি- তাদের কমিটমেন্ট নেই।”
আজাদুর রহমান আরো বলেন, “সরকারি আইন কর্মকর্তা হিসাবে যারা নিয়োগ পেয়েছেন- তাদের ৫০ শতাংশ আমাদের লোক নয়। তাদের বাতিল করে আমাদের লোক নিয়োগ নিতে হবে।”
তবে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজিবুল্লাহ হিরু বলেন, “আমরা কাউকে ফেলতে চাই না। আমরা সকলকে নিয়ে চলতে চাই।”
চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা যখন তার বক্তব্যে আমীর-উল ইসলামের পক্ষে কথা বলেন, তখনই সকলে হৈ হৈ করে ওঠেন। তখন শেখ হাসিনার হস্তক্ষেপে সবাই শান্ত হন।
বগুড়া আইনজীবী সমিতির সভাপতি রেজাউল করিম মন্টু বলেন, “নির্বাচনের আগের দিন একটা চিঠি পেয়েছিলাম। তাতেই বুঝেছিলাম- ফলাফল আমাদের অনূকুলে আসবে না।”
সব আইনজীবীর কথা শুনে শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, “এখানে এ ওর বিরুদ্ধে কথা বলছেন।
“৯০ এর দিকে আমরা সাহারা আপাকে (সাহারা খাতুন) দিয়ে আওয়ামী আইনজীবী পরিষদ গড়ে তুলি। আর ৭৫ এর পর যখন কেউ কোনো কথা বলতে পারত না, তখন বঙ্গবন্ধু পরিষদ করা হয়। তার শাখা হিসাবে হাই কোর্টে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ গড়ে তোলা হয়।”
“একে (বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ) অবহেলা করার কিছু নেই। এই দুই সংগঠনের মধ্যে সংঘাত থাকা ঠিক নয়,” বলেন আওয়ামী লীগ প্রধান।
তিনি বার কাউন্সিল নির্বাচন প্রসঙ্গে বলেন, “এই নির্বাচন করা হয় সমন্বয় পরিষদের মাধ্যমে। আগামীতেও সমন্বয় পরিষদের মাধ্যমেই নির্বাচন হবে। এখানো শুধু আওয়ামী লীগ নয়, আরো দল আছে।”
সমন্বয় পরিষদের ব্যানারে সুপ্রিম কোর্ট আইনজীবী পরিষদের নির্বাচনে শামসুল হকের ছয়বার সভাপতি হওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তিনি আওয়ামী লীগ করতেন না।
“কে দেশের জন্য কাজ করতে পারবে, সেটাই আমাদের কাছে বড়।”
বার কাউন্সিল নির্বাচনে সমন্বয় পরিষদের পরাজয়ের জন্য বার বার প্যানেল পরিবর্তন এবং সঠিক প্যানেল না দেয়াকেও দায়ী করেন শেখ হাসিনা।
“যেটা ঘটে গেছে- তার খেসারত দেয়া হয়েছে।কাউকে ফেলে দেয়া যাবে না। নির্বাচন করার সময় সমঝোতা থাকতে হবে।”
অনুষ্ঠান মঞ্চে শেখ হাসিনার সঙ্গে ছিলেন এম আমীর-উল ইসলাম, সাহারা খাতুন, কামরুল ইসলাম, সৈয়দ রেজাউর রহমান, শিরীণ শারমিন চৌধুরী এবং লায়েকুজ্জামান।
অনুষ্ঠান পরিচালনাকারী আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু জানান, অসুস্থতার জন্য আইনমন্ত্রী শফিক আহমেদ এবং রোববার সরকারের একটি গুরুত্বপূর্ন মামলা থাকায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
তবে বার বার বলা সত্ত্বেও আব্দুল বাসেত মজুমদার অনুষ্ঠানে আসেননি, বলেন মতিন খসরু।
ওই মতবিনিময় সভায় সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে সে বিষয়ে আইনজীবীদের সজাগ থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “উনি (খালেদা জিয়া) তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক বলে পাগল হয়ে যাচ্ছেন। আবার তত্ত্বাবধায়ক এলে কি ওনাকে ছাড়বেন?”
সংবিধানের পঞ্চম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর থেকে এই ব্যবস্থা পুনপ্রবর্তনের জন্য বিএনপি’র নেতৃত্বাধীনে জোট আন্দোলন করে যাচ্ছে।
২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, “তখন তো উনাকে আর আমাকে গ্রেপ্তার করেছে। খুজে খুজে ঊনার বিরুদ্ধে মামলা দিয়েছে। আগামীতে তত্ত্বাবধায়ক আসলেও ওই একই অবস্থা হবে।”
সরকারের কার্যক্রম তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমরা একে একে অনিয়ম ধরে সেগুলো দূর করতে কাজ করে যাচ্ছি।”
হলমার্ক ও ডেসটিনির বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “অনেক সময় চোর ধরতে গিয়ে আমরাই চোর হয়ে গেলাম। আমরাই ডেসটিনি আর হলমার্ক ধরলাম। এগুলো ধরেই যেন আমরা চোর হয়ে গেলাম।”
যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে তিনি বলেন, “যারা যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করেছিল- তারা তো তাদের রক্ষার চেষ্টা করবেই। তারা দু’দফায় ক্ষমতায় ছিলো। তারা ক্ষমতায় থেকে অনেক টাকা কামিয়েছিল। এখন তা ব্যয় করে লবিস্ট রাখছে।”
“গোলাম আযমের নাগরিকত্ব বাতিল করা হয়। জিয়াউর রহমান তাকে ফিরিয়ে আনে। গোলাম আযম বাংলাদেশে ঢুকেছিল পাকিস্তানি পাসপোর্টে,” বলেন শেখ হাসিনা।
