খুলনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩
খুলনার ডুমরিয়া উপজেলায় দুইটি বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ২৫ জন।
শনিবার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কৈয়া-জিলেরডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনায় নিহতরা হলেন এক বাস চালকের সহাকারী মামুন মণ্ডল (২০), আব্দুল জলিল (৫৫) ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৪২)।
আহতদের মধ্যে আটজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বাকিদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ডুমুরিয়া থানার ওসি এম মসিউর রহমান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে খুলনাগামী যাত্রীবাহী একটি বাস কৈয়া-জিলেরডাঙ্গা মোড় ঘোরার সময় সাতক্ষীগামী আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সাতক্ষীরাগামী বাসটি রাস্তার পাশে খালে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ওই বাস চালকের সহকারী মামুন ও অজ্ঞাত এক যাত্রী নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আব্দুল জলিলের মৃত্যু হয়।
