দুপক্ষের মাহফিল, বরুড়ায় ১৪৪ ধারা জারি
একই স্থানে দুপক্ষ ওয়াজ মাহফিল ডাকায় কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত এই আদেশ জারি থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াতে ইসলামী সমর্থিত ইসলামী সমাজকল্যাণ সংস্থা রোববার বিকালে পয়ালগাছা স্কুল ও কলেজ মাঠে ওয়াজ মাহফিল ডাকে। একই সময়ে স্থানীয় একটি পক্ষও পৃথকভাবে ওখানে ওয়াজ মাহফিল আয়োজনের ঘোষণা দেয়।
এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় বিশৃঙ্খলার আশঙ্কায় ২৪ ঘণ্টার জন্য ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, বলেন ইউএনও।
