২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ‘চোরাকারবারিদের’ বিরুদ্ধে বিজিবির মামলা

সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সঙ্গে ‘চোরাকারবারিদের’ সংঘর্ষের ঘটনায় বিজিবি একটি মামলা করেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 07:10 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

শুক্রবার সকালে সাতক্ষীরা ৩৮ বিজিবির আওতাধীন কাকডাঙা বিওপির নায়েক সুবেদার এরশাদ আলী বাদি হয়ে কলারোয়া থানায় মামলাটি করেন।

সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিত্সাধীন অবস্থায় মৃত ‘চোরাকারবারি’ জিয়ারুলের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০/৪০ জনকে এতে আসামি করা হয়েছে।

মামলায় বিজিবি সদস্যদের উপর হামলা চালিয়ে অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা ও আটক ভারতীয় পণ্য ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে।

মামলায় বলা হয়, জিয়ারুলের নেতৃত্বে চোরাকারবারিরা ভারত থেকে বিভিন্ন মালামাল নিয়ে বাংলাদেশে আসার পরে কলারোয়ার ভাদিয়ালী এলাকায় পৌঁছালে বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা মালামাল ফেলে পালিয়ে যায়।

বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বাছির জানান, চোরাচালানীরা ফিরে এসে দা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির উপর হামলা করলে নিজেদের রক্ষার্থে নায়েক সুবেদার এরশাদ আলী গুলি ছুঁড়েছেন।এতে জিয়ারুল মাথায় গুলিবিদ্ধ হয়।

বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ময়নাতদন্তের পর শুক্রবার বিকালে কলারোয়া উপজেলার বোয়ালিয়ার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।