২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার সৈকতে ঘুড়ি উৎসব শুরু

কক্সবাজার সমুদ্র সৈকতে শুক্রবার দুই দিনব্যাপী ঘুড়ি উৎসব শুরু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 02:22 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

‘প্রকৃতি পরিবেশ রক্ষার দায়িত্ব সবার, ধর্ম যার যার; উৎসব আনন্দ সবার’ শ্লোগান নিয়ে বিকাল ৪টায় বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের আয়োজনে এই উৎসব উদ্বোধন করেন বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান।

সৈকতের লবণী পয়েন্টে বিশাল আকৃতির প্রতীকী ঘুড়ি উড়ানোর পর আকাশে ছোট্ট ঘুড়ি ভাসিয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন মন্ত্রী।

এরপর একে একে আকাশে উঠতে থাকে নানা রঙের প্রজাপতি, পাখি ও সমুদ্রিক মাছের আকৃতির ঘুড়ি।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে বিশ্বব্যাপী পরিচিতি করতে ঘুড়ি উৎসব একটি অন্যতম মাধ্যম হতে পারে। প্রতিবছর নির্ধারিত একটি সময়ে এখানে ঘুড়ি ওড়ানো হলে বিভিন্ন দেশের পর্যটকরা তা দেখতেও সৈকতে আসবে।

বাংলাদেশ ঘুড়ি ফেড়ারেশনের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মৃধা বেনু বলেন, উৎসবের দ্বিতীয় দিনে থাকছে হট এয়ার বেলুন উড্ডয়ন, ঘুড়ি কাটা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত লি জিং, কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা প্রশাসক মো. রুহুল আমিন প্রমুখ।