দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
দরিদ্র নারী-শিশু ও বয়স্কদের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সারিবদ্ধ নারী, শিশু ও বৃদ্ধার হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি।
শিশুদের চাদর আর নারী ও বৃদ্ধাদের কম্বল দেন শেখ হাসিনা।
ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় সভানেত্রী এই সব শীতবস্ত্র বিতরণ করেন, যার মধ্যে এক হাজার কম্বল রয়েছে।
শেখ হাসিনা বিকেল ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন। এ সময় বঙ্গবন্ধু এভিনিউজুড়ে উপস্থিত কয়েক হাজার নেতা-কর্মী স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।
দলীয় কার্যালয়ের নিচতলায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন বৃদ্ধা, নারী ও শিশু।একের পর তাদের হাতে শীতবস্ত্র তুলে দেন প্রধানমন্ত্রী।
কম্বল পেয়ে অনেক বৃদ্ধা শেখ হাসিনার মাথায় হাত বুলিয়ে দেন। খুশিতে কেঁদে ফেলেন অনেকে। কম্বল নিয়ে সেখানে দাঁড়িয়েই শেখ হাসিনার জন্য হাত তুলে দোয়া করেন কয়েকজন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, দলীয় সভানেত্রী এক হাজার কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করেছেন। আরো দুই হাজার কম্বল সংগঠনের নেতারা পরে শীতার্তদের দেবেন।
শেখ হাসিনার কম্বল বিতরণের সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি শীত মৌসুমে এ পর্যন্ত চার লাখ ৭৭ হাজার আটটি কম্বল দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে যার মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এক লাখ দশ হাজার একশ’ কম্বল রয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৮ হাজার ২০০ চাদর, তিন হাজার ৬০০ মাফলার এবং ১৩ হাজার দেড়শ’ সোয়েটার বিতরণ করা হয়েছে।
কম্বল কিনে ৪৮৫ উপজেলায় বিতরণ করতে সব জেলা প্রশাসককে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে পাঁচ কোটি টাকা দেয়া হয়েছে।
এছাড়া শীতবস্ত্র কিনে সিটি কর্পোরেশন এলাকায় বিতরণের জন্য নয় জেলা প্রশাসককে দেয়া হয়েছে ১৫ লাখ ৬৫ হাজার টাকা।
৩৪ জেলায় শীতার্তদের মাঝে ২২ হাজার ৭৬৫ মেট্রিক টন চাল বিতরণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
