কুমিল্লায় ইউপি চেয়ারম্যানের উপর হামলা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার এক ইউপি চেয়ারম্যানের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে সরসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার মজুমদারের উপর হামলা হয় বলে তার সহযোগীরা জানিয়েছেন।
ঘটনাস্থলে থাকা যুবলীগ নেতা রাসেল ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুতর আহত গোলাম সরওয়ারকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, রাতে চেয়ারম্যান গোলাম সরওয়ার মজুমদার কয়েকজন সহযোগীসহ সিএনজি অটোরিকশা যোগে উপজেলার নাথেরপেটুয়া থেকে কুমিল্লা যাচ্ছিলেন। নাথেরপেটুয়া-লাকসাম সড়কের বাটিয়াভিটা নামক স্থানে পৌঁছালে একটি সাদা মাইক্রোবাস তাদের গতিরোধ করে। পরে ১০/১২ জন সন্ত্রাসী সহযোগীসহ চেয়াম্যানকে কুপিয়ে জখম করে।
মনোহরগঞ্জ থানার ওসি জহিরুল আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি হামলার ঘটনার কথা শুনেছেন। তবে এবিষয় থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি।
