তানোরে পুকুরে কলেজ ছাত্রের লাশ
রাজশাহীর তানোর উপজেলার এক পুকুর থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে সমাসপুর গ্রামের জবু মণ্ডলের পুকুর থেকে কলেজ ছাত্র নিলাদ্রী সরকারের লাশ উদ্ধার করা হয়।
নিলাদ্রী (২১) রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তিনি তানোর উপজেলার পারিশো দুর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য দিলীপ সরকার ও স্কুল শিক্ষিকা মালতী রানীর ছেলে।
তানোর থানার ওসি আবুল হাশেম নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, নিলাদ্রী রাতে রাজশাহী থেকে বাড়ি ফিরছিলেন।
“যে পুকুরে নিলাদ্রীর লাশ পাওয়া গেছে ধাস্তাধস্তির কারণে সেই পুকুর পাড়ের ছোট ছোট গাছপালা ভেঙে গেছে। পুকুরের এক পাড় দিয়ে নামার এবং অপর পাড় দিয়ে ওঠার চিহ্ন রয়েছে।”
ওসি আরো জানান, নিহতের বাবা বলেছেন, কারো বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। তিনি মামলা করবেন না। ছেলের লাশ ফেরত নিতে চান।
