২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজিত হত্যা: আরো ৩ জবি শিক্ষার্থী বহিষ্কার

বিশ্বজিত দাস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরো তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 12:15 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

এই তিনজন ছাড়াও শিক্ষাজীবন শেষ হওয়ায় আরো এক শিক্ষার্থীর সনদ বাতিলের সিদ্ধান্ত বৃহস্পতিবার জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বহিষ্কৃতরা হলেন- দর্শন বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র আব্দুল আজিজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান চতুর্থ বর্ষের রফিকুল ইসলাম ও মনোবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির এস এম কিবরিয়া। এদের সবাইকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

আর সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী ইউনুস আলীর সনদ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো জানানো হয়েছে।

জনসংযোগ বিভাগের উপ-পরিচালক ফারুক হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা কমিটির তদন্ত, বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদ ও ছবি এবং ঘটনার ভিডিও ফুটেজ দেখে বিশ্বজিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে স্থায়ীভাবে বহিষ্কার এবং একজনের সনদ বাতিল করা হয়েছে।

এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাত শিক্ষার্থীকে স্থায়ী বহিস্কার এবং দুইজনের সনদ বাতিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে গত ৯ ডিসেম্বর পুরান ঢাকায় দরজি দোকানি বিশ্বজিতকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।এই ঘটনায় পুলিশ বাদি হয়ে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা করে।

ওই ঘটনার ছবি ও ভিডিও সংবাদ মাধ্যমে প্রকাশের পর দেশব্যাপী আলোচনা হয়। ঘটনার সঙ্গে ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীদের জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

পুরনো খবর:

বিশ্বজিত হত্যাকাণ্ডে জগন্নাথের আরো ৪ ছাত্র বহিষ্কার