২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ৯ দিন বন্ধ থাকছে মেঘনা-গোমতী সেতু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও মেঘনা-গোমতী সেতু মেরামতের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত নয় দিন যান চলাচল বন্ধ রাখা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেষ্ঠ্য প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 08:25 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

বৃহস্পতিবার রেলভবনে সেতু দুটির স্থায়ী মেরামত কাজ সংক্রান্ত এক বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “১৬ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২৫ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত এই দুই সেতু বন্ধ থাকবে। এ সময় বিকল্প সড়কে যান চলাচল করবে।”

আগামী মার্চেও সেতু বন্ধ রেখে মেরামতের কথা থাকলেও ফেব্রুয়ারিতেই চূড়ান্ত কাজের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান যোগাযোগমন্ত্রী।

এর আগে গত ৪ জানুয়ারি সকাল ছয়টা থেকে টানা ৯৬ ঘণ্টা মেরামতের জন্য এই দুই সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল।

মেরামত কাজ শেষ হলে আগামী আট থেকে ১০ বছর এ দুটি সেতুতে আর কোনো সমস্যা হবে না বলে দাবি করেন মন্ত্রী।

মন্ত্রী জানান, সেতু দু’টি বন্ধ থাকার সময় ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা-চট্টগ্রামে যান চলাচল করবে।

ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কের যানবাহন তখন ঢাকা-যাত্রাবাড়ী-কাঁচপুর ব্রিজ-তারাবো মোড় (রূপগঞ্জ)-নরসংদী-ভৈরব-আশুগঞ্জ-সরাইল বিশ্বরোডের মোড়-বাহ্মণবাড়িয়া-কুমিল্লা-চট্টগ্রাম সড়ক দিয়ে চলবে বলে জানান ওবায়দুল কাদের।

সেতুতে যান চলাচল বন্ধ থাকার সময় বিশেষ ট্রেন এবং চাদপুর-ঢাকা রুটে অতিরিক্ত লঞ্চ চলাচলের ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী।

বৈঠকে রেল পথ মন্ত্রী মুজিবুল হক, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।