২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দপুরে পারদ নেমেছে ৩ ডিগ্রিতে

চার দশকের মধ্যে তীব্রতম শীতে কাঁপছে দেশ। সৈয়দপুরের তাপমাত্রা নেমে এসেছে দেশের সর্বনিম্ন ৩ ডিগ্রি সেলসিয়াসে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 05:29 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

বৃহস্পতিবার সকালে এই তাপমাত্রা রেকর্ড করা হয় বলে আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা জানান।  

এদিন ঢাকার তাপমাত্রা সামান্য বেড়েছে। সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ছিল ৭ দশমিক ২ ডিগ্রি ছিল।

আগের দিন দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। ১৯৬৮ সালে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত রোববার থেকেই চলতি মৌসুমের তৃতীয় দফার এই শৈত্যপ্রবাহ শুরু হয়। গত ডিসেম্বরে দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দুটি শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছিল। তাতে শীতের তীব্রতায় ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে ওঠে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে পাবনা, দিনাজপুর, সৈয়দপুর, টাঙ্গাইল ও কুষ্টিয়া অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে) এবং রাজশাহী, রংপুর, যশোর, শ্রীমঙ্গল ও ঢাকা বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৮-৬ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে।

শীতের কারণে অনেকেই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের অধিকাংশই শিশু।

আবহাওয়া অধিদপ্তর বলছে, জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

৮ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময়ে রাতের তাপমাত্রা সাড়ে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

এ সপ্তাহে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে দুপুর পর্যন্ত রংপুর, ঢাকা, সিলেট ও রাজশাহী বিভাগে এবং দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা হতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হতে পারে দেশের অন্যান্য এলাকাতেও।

এই শীতে বোরো বীজতলা ও গোল আলুর আবাদ রক্ষার জন্য কৃষকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ ও কৃষিবিদরা।

পুরনো খবর:

তীব্র শীত আরো অন্তত দুই দিন
চার দশকের সর্বনিম্ন তাপমাত্রা