বাগমারা উপজেলা চেয়ারম্যান বরখাস্ত
রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা জিয়াউর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বুধবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
বুধবার দুপুরে এই প্রজ্ঞাপনটি পাওযার কথা জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল হান্নান।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব এনামুল হাবিবের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে জানানো হয়, ভাইস চেয়ারম্যান মাস্টার ইয়াছিন আলীকে পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধ চলাকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে রাখা আওয়ামী লীগ নেতাকর্মী ও প্রশাসনের লোকদের মোটরসাইকেল ভাংচুর করেন।
এ ঘটনায় চেয়ারম্যান জিয়াউর রহমানসহ বিএনপির ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে ভাংচুর ও লুটপাটের অভিযোগে মামলা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, আদালতে মামলার অভিযোগপত্র গৃহীত হওয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দিক থেকে সমীচীন নয়। তাই তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
