তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবিতে গণধর্ণা
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণধর্ণায় অংশ নিয়েছে সিপিবি ও বাসদ।
এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতাকর্মীদের হাতে পতাকা ছিল।
এর আগে বেলা ১১টায় তারা নগরীর চাষাঢ়া শহীদ মিনারে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন।
পরে সেখানে জেলা বাসদ সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে অংশ নেন।
এতে বক্তব্য দেন সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা ফোরাম সদস্য মাহবুবুর রহমান ইসমাইল প্রমুখ।
তারা বলেন, প্রবল জনমত উপেক্ষা করে সরকার আরেকদফা কেরোসিন-ডিজেল-পেট্রোল-অকটেনের মূল্য বৃদ্ধি করেছে। এ কারণে বিভিন্ন স্থানে পরিবহন ভাড়া বৃদ্ধি এবং নিত্যপণ্যের দাম বেড়েছে।
নেতৃবৃন্দ অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।
