নীলফামারীতে শীতে মৃত্যু
প্রচণ্ড ঠাণ্ডায় বুধবার নীলফামারীর ডোমার উপজেলায় একজনে মৃত্যু হয়েছে।
একইদিন ডিমলা উপজেলায় কম্বল নিতে আসা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে স্থানীয় এক জনপ্রতিনিধি জানিয়েছেন।
ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা কর্মকর্তা ডা. মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডোমার পৌর এলাকার অনিল রায়ের স্ত্রী রসনা রানী রায় (৩৮) প্রচন্ড ঠান্ডায় অসুস্থ হয়ে মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন বলেন, জেএসকে নামের একটি এনজিও সকালে পাগলপাড়া এলাকায় ৩৭৫ জন দরিদ্ররের মাঝে কম্বল বিতরণের ব্যবস্থা করে।
তিনি বলেন, সকালে অন্যান্যের সঙ্গে কম্বল নিতে আসেন তেলীবাজারের ইসলাম উদ্দীন (৭০)। কিন্তু কম্বল বিতরণ শুরু হওয়ার আগেই তার মৃত্যু হয়।
