২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপনির্বাচন: জালালের বিষয়ে আদেশ পূর্ণাঙ্গ বেঞ্চে

চট্টগ্রাম-১২ আসনের উপ-নির্বাচনে জালাল উদ্দিন আহমেদ চৌধুরীকে প্রতীক বরাদ্দে হাই কোর্টের আদেশ স্থগিত করেনি আপিল বিভাগের চেম্বার আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 10:02 AM

Updated : 23 Aug 2022, 10:01 AM

হাই কোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে নির্বাচন কমিশনের এক আবেদনের শুনানি করে বুধবার আপিল

বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়।

এর আগে হাই কোর্ট গত ৭ জানুয়ারি এক আদেশে জালাল আহমেদ চৌধুরীকে বৈধ প্রার্থী ঘোষণা করে প্রতীক বরাদ্দের আদেশ দেয় হাই কোর্ট।

আদালতে নির্বাচন কমিশনের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এবং জালাল আহমেদের পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক শুনানি করেন।

জালাল আহমেদের অপর আইনজীবী মো. জাফরুল্যাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন হাই কোর্টের আদেশ স্থগিত করতে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। শুনানি করে আদালত স্থগিতাদেশ না দিয়ে বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।

তিনি আরো বলেন, হাই কোর্টের আদেশের মাধ্যমে নির্বাচনে অংশ নিতে জালাল আহমেদের বাধা অপসারিত হয়েছিলো। ওই স্থগিত না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নিতে জালাল আহমেদের কোন বাধা নেই।

পরে এম কে রহমান সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্রের সঙ্গে যে ১ শতাংশ ভোটারের তালিকা দিয়েছেন, সেটি ভুয়া। এ কারণে এ বিষয়ে হাই কোর্টের আদেশটি যথাযথ হয়নি। তাই আমরা হাই কোর্টের আদেশ স্থগিত করতে চেম্বার বিচারপতি আদালতে গিয়েছি। শুনানি শেষে আদালত বিষয়টির ওপর স্থগিতাদেশ দেয়নি।

আবেদনটি বৃহস্পতিবার শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান বাবুর মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-১২ আসনে উপ-নির্বাচনের জন্য ১৭ জানুয়ারি দিন রেখে গত ৪ নভেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

গত ২০ ডিসেম্বর জালাল উদ্দিন আহমেদ মনোয়নপত্র দাখিল করেন। পরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ২৩ ডিসেম্বর ওই মনোনয়নপত্র বাতিল করেন।

জালালউদ্দিনের প্রার্থিতা বাতিলের পর ওইদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, এক শতাংশ ভোটারের সমর্থন সম্বলিত স্বাক্ষর জমা দেয়ার শর্ত পূরণ করতে না পারায় তার প্রার্থিতা বাতিল করা হলো।

এই আদেশের বিরুদ্ধে আপিল করলে ২৭ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন তা খারিজ করে দেয়। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ২ জানুয়ারি হাই কোর্টে এই রিট আবেদন করা হয়।
গত ৭ জানুয়ারি বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ জালালউদ্দিনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন গত ২৭ ডিসেম্বর যে আদেশ দিয়েছিল- তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে।

একই সঙ্গে নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করা হয়। পাশাপাশি জালাল উদ্দিনকে বৈধ প্রার্থী ঘোষণা করে নির্বাচনী প্রতীক বরাদ্দের জন্য চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তাকে নির্দেশ দেয় আদালত।