তেলের দাম: ১৬ জানুয়ারি বামপন্থীদের হরতাল
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ১৮ দলীয় জোটের পর এবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বামমোর্চা হরতাল ডেকেছে।
১৬ জানুয়ারি সারা দেশে সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই হরতাল পালন করবে দলগুলো।
গণতান্ত্রিক বামমোর্চার সমন্বয়কারী জোনায়েদ সাকি বুধবার সকালে রাজধানীর তোপখানা রোডের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হরতালের ঘোষণা দেন।
তিনি বলেন, “জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং বিদ্যুতের দাম বৃদ্ধি প্রতিহত করতে আমরা এই হরতালের ঘোষণা দিচ্ছি।”
পরে একই দাবিতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম রাজধানীর কারওয়ানবাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সামনে হরতালের ঘোষণা দেন।
তিনি বলেন, “জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তা না হলে সমস্ত শক্তি দিয়ে সরকারের এই বিরুদ্ধে আমরা একের পরে এক কর্মসূচি নিয়ে এগিয়ে যাব। আরো কঠোর কর্মসূচি আসবে সামনে।”
দাম বৃদ্ধির বিষয়টিকে ‘জনগণের প্রতি মহাজোট সরকারের নববর্ষের উপহার’ আখ্যায়িত করে সেলিম বলেন, “নববর্ষের উপহার হিসাবে মহাজোট সরকার জনগণের মাথার ওপর আরেকটি বোমা নিক্ষেপ করেছেন।”
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকার পরও নতুন করে দাম বৃদ্ধির ঘোষণার ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি অভিযোগ করে সিপিবি সভাপতি বলেন, “নতুন করে তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে এনার্জি রেগুলেটরি কমিশনের মতামতের তোয়াক্কা করা হয়নি। দাম বাড়ানোর জন্য গণশুনানি, উন্মুক্ত শুনানিসহ অন্য যে প্রক্রিয়া সেগুলোও অনুসরণ করা হয়নি।”
দাম বাড়ানোর এই প্রক্রিয়াকে ‘অবৈধ’ আখ্যায়িত সরকারের বিরুদ্ধে মামলা করারও হুমকি দেন এই বাম নেতা। তিনি বলেন, “প্রয়োজনে আমরা আদালতে যাব।”
“রেন্টাল, কুইকরেন্টালের (বিদ্যুত কেন্দ্র) মালিকদের হাজার হাজার কোটি টাকা মুনাফা করিয়ে দেয়াই দাম বৃদ্ধির উদ্দেশ্য”- এমন মন্তব্য করে সেলিম বলেন, “এ জন্যই আগের তুলনায় এখন প্রায় দ্বিগুণ তেল আমদানি করতে হয়। এই বাড়তি তেল আমদানির খরচ মেটানোর জন্যই জনগণের পকেট কাটার আয়োজন।”
তেলের বর্ধিত দাম প্রত্যাহার ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে বিইআরসি ভবনের সামনে এই সমাবেশের পাশাপাশি সারাদেশের ডিসি অফিসগুলোর সামনে ‘গণধর্ণা’ কর্মসূচি পালন করে সিপিবি ও বাসদ।
অন্যদের মধ্যে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সভাপতি মনজুরুল আহসান খান, কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স এই সমাবেশে বক্তব্য দেন।
গত ৩ জানুয়ারি সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে সর্বোচ্চ সাত টাকা করে বাড়ায়। বর্ধিত মূল্য কমানোর দাবিতে মঙ্গলবার রাত পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেয় বামপন্থী দলগুলো।
এর মধ্যে সরকার কোনো উদ্যোগ না আসায় বুধবার দেয়া হয় হরতালের ঘোষণা।
এর আগে জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক দলগুলোর সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিতে গত মাসে হরতাল করে সিপিবি, বাসদ ও বাম মোর্চা। এক মাসের ব্যবধানে আবার হরতাল করতে যাচ্ছে তারা।
বর্তমান সরকার আমলে পঞ্চম দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৭ টাকা এবং অকটেন ও পেট্টোলের দাম লিটার প্রতি ৫ টাকা বেড়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গত ৬ জানুয়ারি দিনব্যাপী হরতাল করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
