নেত্রকোনায় ১২ শিশু সাংবাদিক নির্বাচিত
ইউনিসেফের সহযোগিতায় নেত্রকোনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচন শেষে মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা পৌরসভা মিলনায়তনে নির্বাচিত ১২ জনকে সনদপত্র দেয়া হয়।
নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও জামালপুরের পর এখানে বাছাই কাজ সম্পন্ন হয়।
উৎসবমুখর পরিবেশে সকালে নেত্রকোনা চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে বাছাই পরীক্ষা হয়। এরপর শিশু সাংবাদিকদের এক কর্মশালা হয়। অর্ধশতাধিক শিশু-কিশোর এ কার্যক্রমে অংশগ্রহণের জন্য আবেদন করে।
এই জেলায় নির্বাচিতরা হলেন বিভূতি হাজং বাপ্পি, নাদিয়া রহমান মৌ, ফয়জুল ইসলাম খান, বিথি মনি গোসাই, মুশফিকুজ্জামান চৌধুরী, নাসরিন আক্তার মনিকা, বিশ্বজিৎ সাহা প্লাবন, সুস্মিতা গুহ ইরা, হাফিজা সুলতানা, শেখ হাসনাত জামান শুভ্র, সুমাইয়া ইসলাম প্রীতি ও বন্যা সরকার।
শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকারের সভাপতিত্বে সনদ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন নাহার মান্নু, পুলিশ সুপার জাকির হোসেন খান এবং পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহসম্পাদক মুজতবা হাকিম প্লেটো।
অনুষ্ঠান সঞ্চালন করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নেত্রকোনা প্রতিনিধি লাভলু পাল চৌধুরী। সহযোগিতা করেন শিশু কিশোর সাংবাদিক অনুসন্ধান দলের সদস্য ইবনুল কাইয়ুম সনি।
সনদ বিতরণ অনুষ্ঠানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে অতিথিদের শুভেচ্ছা উপহার দেন মুজতবা হাকিম প্লেটো।
জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যৌথ উদ্যোগে শিশুদের সংবাদ সেবা কার্যক্রম চালুর প্রস্তুতি হিসেবে শিশু সাংবাদিক নির্বাচন করা হচ্ছে।
