২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনদিনেও খোঁজ মেলেনি বরগুনার ১১ জেলের

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বরগুনার ১১ জেলের খোঁজ মেলেনি তিন দিনেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বরগুনা, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 02:47 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

শনিবার রাতে বঙ্গোপসাগরের সোনরচর এলাকায় এ জেলেরা আক্রান্ত হন। রোববার কক্সবাজার থেকে ফোনে ট্রলারের মালিক সেন্টুকে ডাকাতির খবর জানানো হয়।

নিখোঁজদের মধ্যে রয়েছেন বরগুনার পাথরঘাটা উপজেলার বেলাল, সৈয়দ আলম, সোহাগ, জাফর, আব্বাস, বাবুল মিস্ত্রী ও কক্সবাজারের জসীম। অন্যদের নাম জানা যায়নি।

‍বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি বলেন, শুক্রবার বিকালে এফবি ইসরাত ট্রলারটি ১৬ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়।

পরদিন (শনিবার) রাতে সোনার চর এলাকায় পৌঁছালে ট্রলারেরই পাঁচ রোহিঙ্গা জেলে ঘুমন্ত জেলেদের ওপর হামলা চালায়।

ডাকাতি করে পালানোর সময় আবদুল হামিদ নামের এক রোহিঙ্গা জলদস্যুকে আটক করেছে উখিয়ার ইনানী ফাঁড়ি পুলিশ।

ফাঁড়ির উপ-পরিদর্শক সাঈদ মিয়া বলেন, হামিদ পুলিশকে জানিয়েছেন- ট্রলারে থাকা পাঁচ রোহিঙ্গাই ডাকাতির সঙ্গে জড়িত।

তারা ১১ জেলেকে হত্যা করে লাশ সাগরে ফেলে ট্রলার নিয়ে পালিয়ে যাচ্ছিলেন বলেও জানান ‘রোহিঙ্গা জলদস্যু’ হামিদ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলে ও জলদস্যুদের সন্ধানে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এদিকে ‘হত্যার’ খবরে পাথরঘাটা জেলে পল্লীতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা প্রিয়জনের মৃতদেহটি অন্তত দেখতে চান।