ধর্মঘটে শুধু শ্রমিক লীগ: বিমান কর্তৃপক্ষ
ধর্মঘটের সমালোচনা করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বিমান শ্রমিক লীগের ধর্মঘটে ওই সংগঠনের সদস্যরা ছাড়া অন্য কোনো ইউনিয়ন কিংবা অ্যাসোসিয়েশনের সমর্থন নেই বলে দাবি করেছে বিমান কর্তৃপক্ষ।
সাত দফা দাবিতে আওয়ামী লীগ সমর্থিত বিমান শ্রমিক লীগ সংস্থার প্রধান কার্যালয়ে দিনভর অবস্থান কর্মসূচি শেষে মঙ্গলবার থেকে ধর্মঘটের ঘোষণা দেয়ার পর সোমবার সন্ধ্যায় বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই দাবি করা হয়।
এতে বলা হয়, সোমবার দুপুরে বিমানের প্রশাসনিক ভবনে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন মোসাদ্দেক আহমেদ সব পরিচালক, ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সথে মতবিনিময় সভা করেছেন।
“সভায় উপস্থিত সকল ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ শ্রমিক লীগের ডাকা ধর্মঘট কর্মসূচির সঙ্গে তাদের কোনো রকম একাত্মতা নেই বলে জানিয়েছেন।”
বিমানের প্রধান কার্যালয় বলাকার সামনে দিনভর অবস্থান কর্মসূচির পর বিকালে ধর্মঘটের ঘোষণা দেন বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমান।
একই দাবিতে আগের দিন ১১ ঘণ্টা রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমদকে অবরুদ্ধ করে রাখে তারা। ভোররাতে পুলিশ পাহারায় বলাকা ভবন থেকে বেরিয়ে আসেন তিনি।
হরতালের বিষয়ে বিমান কর্তৃপক্ষ বলছে, আলোচনা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমেই দাবি-দাওয়ার বিষয়ে জটিলতার সমাধান সম্ভব। এই ধরনের ধর্মঘট আহবান অপ্রত্যাশিত।
বিমানের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে সভায় বিমান অফিসার্স অ্যাসোসিয়েশন (বোয়া), এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারর্স (সায়েব), বিমান এমপ্লয়িজ ইউনিয়ন-১৩০৮, ১৯১৭ এবং কেবিন ক্রু অ্যাসোসিয়েশনের নেতারা অংশ নেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দিনভর শ্রমিক লীগের অবস্থান কর্মসূচি চলাকালে বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কেউই কথা বলতে রাজি হননি। বিমান শ্রমিক লীগের কর্মসূচি ঘোষণার পর তারা সংবাদ বিজ্ঞপ্তি দেয়।
বিমান শ্রমিক লীগের দাবির মধ্যে রয়েছে- সভাপতির বিরুদ্ধে বিমান কর্তৃপক্ষের আনা অভিযোগ প্রত্যাহার, আহার ভাতা ও ইউনিফর্ম দেয়া, ভারত থেকে আনা বিমানের সেটআপ বাস্তবায়ন, কর্মচারীদের ব্যক্তিগত টিপি বাস্তবায়ন, একশ ভাগ চিকিৎসা ভাতা দেয়া এবং ৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করা কর্মচারীদের স্থায়ী করা।
সংশ্লিষ্টরা বলছেন, শ্রমিকরা ধর্মঘটে গেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম দারুণভাবে ব্যাহত হবে। আর সেক্ষেত্রে দেশের প্রধান বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামাও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
গত বছর মার্চে বিমান কর্মীদের একটি সংগঠন চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। মানববন্ধন, সমাবেশ, অবস্থান কর্মসূচির পর এক পর্যায়ে তারা সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয়। পরে বেসামরিক বিমান চলাচল মন্ত্রী দাবি পূরণের আশ্বাস দিলে ধর্মঘট স্থগিত করা হয়।
