২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ধর্ষিতার জবানবন্দি আদালতে

ঢাকার সাভারে ধর্ষণের শিকার কলেজছাত্রী বিচারকের কাছে ঘটনার বিবরণ দিয়েছেন।

প্রকাশ বিশ্বাস প্রকাশ বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2013, 01:29 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

ঢাকার সাভারে ধর্ষণের শিকার কলেজছাত্রী বিচারকের কাছে ঘটনার বিবরণ দিয়েছেন।

ঢাকার বিচারিক হাকিম লুবনা জাহান সোমবার তার খাস কামরায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় ওই ছাত্রীর জবানবন্দি রেকর্ড করেন।

জবানবন্দিতে তিনি বলেন, ২৫ নভেম্বর সকালে এক বান্ধবী কৌশলে তাকে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির একটি মেসে নিয়ে যায়। সেখানে জাহেদ ওরফে রাজু তাকে ধর্ষণ করে।

এ সময় মামলার এক আসামি শাহীন ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে।

পরে আরেক আসামি দানেশ মেয়েটির মাকে ফোন করে ধর্ষণের দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে টাকা দাবি করে।

এ মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দেন।

তিনি মেয়েটিকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন বলে জানান।

এ মামলায় এ পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার হয়েছেন।

এরা হলেন ধর্ষিতার বান্ধবী সিঙ্গাইর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী (১৮), শান্তা মরিয়ম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র রায়হান (২০), সাভার বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্সের ছাত্র মহিদুল রহমান (২০), রাজধানীর আজিমপুরের বাসিন্দা সুজন (২৫) এবং মানিকগঞ্জের সিঙ্গাইরের ওয়াসিম রানা (১৮)।

এরা বর্তমানে চার দিনের পুলিশ হেফাজতে (রিমান্ডে) রয়েছেন।

মামলার অপর আসামিরা হলেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র জাহেদ ওরফে রাজু (২২), রাজধানীর আজিমপুরের শাহীন, সিঙ্গাইরের কাংশার গ্রামের শামীম (২৪), লুৎফর (২৩), দানেশ (৩৫), মাসুদ (২৪) এবং ধল্লা গ্রামের আলীম (২৫)।

২৫ নভেম্বর এ ঘটনা ঘটলেও তা প্রকাশ পায়নি। গত বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সাভার মডেল থানায় একটি মামলা (নম্বর ৭) করেন ওই ছাত্রীর মা।

বর্তমানে ওই কলেজছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।