বিদ্যুৎ কেন্দ্র মামলা: হাসিনার আবেদনে সম্মতি হাই কোর্টের
ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা বিষয়ে একটি রিট আবেদন না চালানোর প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি আবেদন মঞ্জুর করেছে হাই কোর্ট।
ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা বিষয়ে একটি রিট আবেদন না চালানোর প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি আবেদন মঞ্জুর করেছে হাই কোর্ট।
সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আব্দুর রব এই আদেশ দেয়।
২০১০ সালের ১৩ এপ্রিল হাই কোর্ট এই মামলাটি বাতিল করে দেয়। বাতিলের আগে ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে এই রিট আবেদনটি করেছিলেন শেখ হাসিনা।
এতে হাই কোর্ট রুলও হয়। ওই রুল শুনানির জন্য দুদকের আইনজীবী এম এ আজিজ খান সম্প্রতি আদালতে উপস্থাপন করলে সোমবার তা কার্যতালিকায় আসে।
কার্য তালিকায় আবেদনটি এলে আদালতে শেখ হাসিনার আইনজীবী আহসানুল করিম বলেন, “এই মামলাটি ইতোমধ্যে হাই কোর্ট বাতিল করে দিয়েছে। তাই এ বিষয়ে এই রুল আমরা চালাবো না।”
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক সাব্বির হাসান তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করেন।
মামলায় তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাষ্ট্রের প্রায় তিন কোটি টাকা ক্ষতি হওয়ার অভিযোগ আনা হয়।
মামলাটি ওই বছরের ২০ সেপ্টেম্বর জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়। জরুরি বিধিমালায় অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি হয়।
এদিকে ওই বছরেরই ২৮ অক্টোবর মামলা বাতিলের আবেদন করেন শেখ হাসিনা, যার চূড়ান্ত শুনানি শেষে মামলাটি বাতিলের রায় হয়।
