বাংলাদেশকে এগিয়ে রাখছেন অমর্ত্য সেন
মানব উন্নয়নের প্রত্যেকটি সূচকেই বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে গেছে বলে মনে করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
মানব উন্নয়নের প্রত্যেকটি সূচকেই বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে গেছে বলে মনে করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
ভারতের দৈনিক টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বিশ্ববরেণ্য এই অর্থনীতিবিদ ইন্ডিয়ান ইনিস্টিটিউট অফ টেকনোলজির বোম্বে ক্যাম্পাসে জি. এল. মেহতা মোমোরিয়াল বক্তৃতায় বলেন, মানব উন্নয়নে লৈঙ্গিক (জেন্ডার) সমতা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে ভারতের চেয়ে বাংলাদেশ অনেকটাই এগিয়ে গেছে।
“খুব বেশিদিন আগের কথা নয়, মানব উন্নয়নের সবগুলো সূচকেই ভারতের চেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ। আজ বাংলাদেশ একমাত্র দেশ যেখানে স্কুলে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। দেশটিতে গড় আয়ু বেশি, মৃত্যুহার কম এবং কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বেশি।”
বাংলাদেশের রাজনীতিতেও লৈঙ্গিক সমতার গুরুত্ব দিন দিন বাড়ছে বলে মনে করেন ভারতীয় এই অর্থনীতিবিদ।
ভারতের বিভিন্ন রাজ্যে মানব উন্নয়ন, বিশেষ করে লৈঙ্গিক সমতার বিষয়টি নিয়ে যেভাবে কাজ করা হচ্ছে তার কড়া সমালোচনা করেন অমর্ত্য সেন।
সম্প্রতি দিল্লিতে চলল্ত বাসে এক ছাত্রীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, মহানগরীতে এমন একটি ঘটনা ঘটেছে বলে এটা সবার মনোযোগ আকর্ষণ করেছে।
“কিন্তু সারা ভারত জুড়ে গ্রামাঞ্চলে নিম্নবর্ণের দলিত নারীরা সুদীর্ঘ সময় ধরে প্রতিদিন এই অসম্মানের মধ্য দিয়ে যাচ্ছে।”
