মামলার ক্ষেত্র তৈরি করতে গাড়িতে আগুন
হরতালকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে যানবাহন পোড়ানোর ঘটনায় বিরোধী দলে সংশ্লিষ্টতা অস্বীকার করে বিএনপি বলেছে, বিরোধী দলের নেতাকর্মীদের নামে ‘মিথ্যা মামলা’ দিতে ‘সরকারের লোকেরাই’ এসব ঘটাচ্ছে।
হরতালকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে যানবাহন পোড়ানোর ঘটনায় বিরোধী দলে সংশ্লিষ্টতা অস্বীকার করে বিএনপি বলেছে, বিরোধী দলের নেতাকর্মীদের নামে ‘মিথ্যা মামলা’ দিতে ‘সরকারের লোকেরাই’ এসব ঘটাচ্ছে।
রোববার হরতালের সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের ঘেরাওয়ের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, “আমরা শান্তিপূর্ণ হরতাল করছি। সেখানেও পুলিশ বাধা দিচ্ছে। আমাদের কার্যালয় তারা অবরুদ্ধ করে রেখেছে।’’
তার ভাষায়, সরকার এভাবে গণতন্ত্রকে ‘খাঁচার বন্দি’ করে রেখেছে।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রোববার ভোর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে এই হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। হরতালের সকালে মিরপুরে একটি বাস ও শাঁখারিবাজারে একটি প্রাইভেট কারে আগুন দেয়া হয়। আগের রাতে রাজধানীর বিভিন্ন স্থানে পুড়িয়ে দেয়া হয় অন্তত ছয়টি যানবাহন।
অন্যান্য হরতালের মতো এদিনও ভোর থেকেই কঠোর নিরাপত্তা নেয়া হয় বিএনপি কার্যালয়ের আশেপাশের এলাকায়। সকাল সাড়ে ১০টার পর তরিকুল ইসলাম পুলিশ বেষ্টনি ডিঙিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন।
প্রধান ফটকের সামনে তিনি সাংবাদিকদের বলেন, “গতকাল রাতে রাজধানীতে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এর সঙ্গে বিএনপির নেতা-কর্মীরা জড়িত নয়। সরকারের এজেন্টরা এই ঘটনা ঘটিয়েছে, যাতে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারে। এ জন্যই তারা ওইসব অগ্নিসংযোগের ঘটনার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে।”
তরিকুল বলেন, হরতালের মধ্যেও সকাল থেকে রাজধানীর রাস্তায় কিছু রিকশা ও অটোরিকশা চলছে। বিএনপি কর্মীরা তাতে বাধা সৃষ্টি করছে না।
“তবে অধিকাংশ যানবাহনই বের হয়নি। দোকান পাটও বন্ধ রয়েছে। এই হরতাল স্বতঃস্ফূর্ত, এটাই তার প্রমাণ।”
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “জনগণ, গণপরিবহন ও কৃষকের স্বার্থে আমরা হরতাল দিয়েছি। তাই এ হরতালের আগে আমাদের কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে, যাতে কোথাও যানবাহনে বাধা দেয়া না হয়।”
বিএনপি কার্যালয়ের সামনে সকাল থেকেই রয়েছে দুই স্তরের পুলিশ বেষ্টনি। র্যা ব সদস্যরা অবস্থান নিয়েছেন বিএনপি কার্যালয়ের বিপরীত দিকে। কর্মীরা কার্যালয়ে প্রবেশ করতে পারছেন না। সকালে সেখান থেকে পুলিশ এক কর্মীকে আটক করে বলে বিএনপি নেতারা জানান।
নয়া পল্টন সড়কে সকাল থেকেই কিছু যানবাহন ও রিকশা চলতে দেখা যায়।
বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সাংসদ হারুন অর রশীদ, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, সুলতান সালাহউদ্দিন টুকু, রফিক শিকদার ও বেলাল আহমেদ সকালে দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপি নেতা রফিকুল ইসলাম মজুমদারের লাশ পাওয়া যাওয়ার বিষয়টি উল্লেখ করে তরিকুল ইসলাম অভিযোগ করেন, “রাজধানীর ৫৬ নম্বর ওয়ার্ডের রফিক মজুমদার শ্বশুড়বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তাকে র্যা ব ধরে নিয়ে যায়। আাজ সকালে তার লাশ পাওয়া গেছে। গোটা দেশকে তারা মৃত্যু উপত্যকায় পরিণত করেছে। এই হচ্ছে আওয়ামী লীগ সরকারের গণতন্ত্রের নমুনা।”
বর্তমান সরকারের গত চার বছরে বিরোধী দলের ১৫৬ জন নেতা-কর্মীকে ‘গুম’ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
এ পরিস্থিতি থেকে উত্তোরণে চলমান আন্দোলনকে ‘তীব্র থেকে তীব্রতর’ করার হুঁশিয়ারি দেন তরিকুল।
তিনি বলেন, হরতালকে কেন্দ্র করে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
