২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের হাতে নির্যাতিত কাদের হতে চান পুলিশকর্তা

পুলিশের হাতে নির্যাতিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদের পুলিশ কর্মকর্তা হতে চান। সে লক্ষ্যে তিনি বিসিএস পরীক্ষাও দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2013, 09:17 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

পুলিশের হাতে নির্যাতিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদের পুলিশ কর্মকর্তা হতে চান। সে লক্ষ্যে তিনি বিসিএস পরীক্ষাও দিয়েছেন।

৩৩তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর গত ২৬ ডিসেম্বর লিখিত পরীক্ষা শেষ করেছেন, ২০১১ সালে যার ওপর পুলিশের নির্যাতন দেশব্যাপী আলোচনা সৃষ্টি করেছিল।

পরীক্ষা কেমন হয়েছে- জানতে চাইলে আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোটামুটি ভালোই।”

কোন ক্যাডার পছন্দ করছেন- জানতে চাইলে হেসে তিনি উত্তর দেন- “পুলিশ।”

ওসি হেলাল উদ্দিনের ওপর প্রতিশোধ নিতেই এই সিদ্ধান্ত কি না- প্রশ্ন করা হলে কাদের বলেন, “ছোট বেলা থেকেই পুলিশ কর্মকর্তা হওয়ার আশা নিয়ে বড় হযেছি।”

ওসি হেলাল উদ্দিনের সঙ্গে ঘটনাটি একটি ‘বিছিন্ন ঘটনা’ ‍উল্লেখ করে তিনি বলেন, এর কারণে পুলিশ হওয়ার সাধ তো বাদ দিতে পারি না।

কাদের জানান, ওসি হেলালের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে মাঝে মাঝে কিছু লোক এসে প্রস্তাব দেয়।

“তাদেরকে বলি, মামলাটি আমি আদালতের নির্দেশে করেছি।”

ওসিকে কি ক্ষমা করতে চান- প্রশ্ন করা হলে কিছুক্ষণ চিন্তা করে কাদের বলেন, “মানবতার দিক থেকে বিবেচনা করলে ক্ষমা করে দিতে ইচ্ছে করে। ভাবি, উনার (ওসি) সন্তান-স্ত্রী তো কোনো ভুল করেনি। তার জন্য সবাই কষ্ট পাবে কেন?

“কিন্তু যখন ওই দিনের ঘটনার কথা মনে পড়ে, তখন সব ধরনের মানবতাবোধ দূর হয়ে যায় মন থেকে।”

২০১১ সালে ১৫ জুলাই কাদেরকে খিলগাঁও থানা পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে ডাকাতির প্রস্তুতির মামলার আসামি করা হয়।

কাদের জানান, তাকে ১৫ জুলাই রাতে সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কাযার্লয়ের সামনে থেকে আটক করে খিলগাঁও থানায় নিয়ে যাওয়া হয়।

“পরদিন সকালে ওসি নিজ কক্ষে একটি চাপাতি হাতে নিয়ে চাপাতির এদিক-ওদিক দেখে নিজেই বলেন, ‘দেখি ধার আছে কি না’; একথা বলেই একটি কোপ বসিয়ে দেয় আমার পায়ে।”

“সিনেমার খলনায়ক তার শত্রুকে যে ভাব নিয়ে আয়েশি ঢঙে কোপ দেয়, তাই মনে হচ্ছিল তাকে।”

কাদেরকে গ্রেপ্তারের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। ঘটনাটি নজরে এলে উচ্চ আদালতও এতে হস্তক্ষেপ করে।

আদালতের নির্দেশে আইন মন্ত্রণালয় ও পুলিশ বিভাগ দুটি তদন্ত কমিটির গঠন করে এবং খিলগাঁও থানার তৎকালীন ওসি হেলাল উদ্দিন, এসআই আলম বাদশাহ ও এএসআই শহীদুর রহমানকে সাময়িক বরখাস্ত করে।

প্রাণ রসায়ন বিভাগের ছাত্র কাদের অসুস্থ শরীর নিয়েই দ্বিতীয় বিভাগে পাস করেন। বিসিএসের পাশাপাশি আগামী ২৫ জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা পদে নিয়োগের একটি পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

ব্যাংকের পরীক্ষা থাকলে তার প্রবল ইচ্ছা পুলিশ কর্মকর্তা হওয়াই বলে জানান কাদের।

কাদেরের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে করা পুলিশের তিন মামলা প্রত্যাহার হয়েছে।

সব কিছু পেছনে ফেলে কুমিল্লার বুড়িচংয়ের আনন্দপুরে এখন থাকছেন কাদের। নতুন চাকরি না হওয়া পযর্ন্ত তার মা মনোয়ারা বেগম তাকে কোথায় যেতে দিচ্ছে না বলে জানান তিনি।