আরো ২ মামলায় গ্রেপ্তার ফখরুল
অবরোধে গাড়ি ভাংচুরের দুই মামলায় হাই কোর্ট থেকে জামিন পাওয়ার পরদিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তার দেখিয়ে ১৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
অবরোধে গাড়ি ভাংচুরের দুই মামলায় হাই কোর্ট থেকে জামিন পাওয়ার পরদিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আরো দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
মতিঝিল ও সূত্রাপুর থানা পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ফখরুলকে দুই মামলায় গ্রেপ্তার দেখানোর এই আবেদন করা হয়।
শুনানি শেষে মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তা মঞ্জুর করেন
উপ পরিদর্শক আজিজুল হক মতিঝিল থানার মামলায় মির্জা ফখরুলকে ১০ দিনের এবং উপ পরিদর্শক হেকমত আলী সূত্রাপুর থানার মামলায় তাকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন।
আদালত এ বিষয়ে ৮ জানুয়ারি শুনানির দিন রেখেছে বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আব্দুল গাফ্ফার ও রকিব উদ্দিন জানান।
গত ৯ ডিসেম্বর ১৮ দলের রাজপথ অবরোধের সময় গাড়ি ভাংচুরের ঘটনায় ঢাকায় যে ৩৮টি মামলা হয়, তার প্রায় সবকটিতে আসামি করা হয়েছে ফখরুলকে।
এর মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় ১০ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে রিমান্ডে নিতে চাইলেও তা খারিজ করে ১১ ডিসেম্বর ফখরুলকে কারাগারে পাঠায় আদালত। পরদিন তাকে নেয়া হয় কাশিমপুর কারাগারে।
এ দুটি মামলায় ফখরুলের জামিন আবেদন মহানগর হাকিম আদালত ও দায়রা জজ আদালতে খারিজ হয়ে গেলে হাই কোর্টে যান এই বিএনপি নেতা। হাইকোর্ট বুধবার এ দুই মামলায় ফখরুলকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দেয়।
জামিনের আদেশের পর ফখরুলের আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছিলেন, এই আদেশের ফলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মুক্তি পেতে তার আর কোনো বাধা নেই।
তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “মুক্তি দুটি বিষয়ের উপর নির্ভর করবে। একটি হচ্ছে- তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি-না, অন্যটি আমরা আপিল বিভাগে যাব কি-না। তাই বিষয়টি এখনই বলা যাচ্ছে না।”
এর আগে হরতালে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর মামলায় গ্রেপ্তারের পর কাশিমপুর কারাগারে মাস খানেক ছিলেন ফখরুল। পরে তিনি জামিনে ছাড়া পান।
