২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাংবাদিক হত্যার বিচার নেই, অধিকার লঙ্ঘিত’

সরকারের দাবি অনুযায়ী বাংলাদেশের গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করলেও সাংবাদিক হত্যায় জড়িতদের বিচারের না হওয়াকে একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে দক্ষিণ এশিয়া মিডিয়া কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2013, 06:39 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

সরকারের দাবি অনুযায়ী বাংলাদেশের গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করলেও সাংবাদিক হত্যায় জড়িতদের বিচারের না হওয়াকে একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে দক্ষিণ এশিয়া মিডিয়া কমিশন।

এ সংস্থার ‘দক্ষিণ এশিয়া গণমাধ্যম পর্যবেক্ষণ-২০১২’ প্রতিবেদনে  বলা হয়, ২০১২ সালে বাংলাদেশে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। ৬৯টি ঘটনায় আহত হয়েছেন ১৩৭ জন সাংবাদিক।

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি এবং যশোরের সাংবাদিক জালালউদ্দিন খুন হওয়ার ঘটনাও উঠে এসেছে এ প্রতিবেদনে।

গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি খুন হন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে হত্যায় জড়িতদের গ্রেপ্তার করা হবে-বললেও এ ঘটনার পর ১০ মাস পার হলেও হত্যকাণ্ডের কারণ জানা যায়নি।

১৫ জুন রাত ১১টার দিকে শার্শার কাশীপুর বাজারে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার পর একটি চোখ তুলে নেয় জালালউদ্দিনের, যিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক ছিলেন।

এসব হত্যাকাণ্ডের পর মামলা হলেও হত্যার কারণ এখনো জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়।

দক্ষিণ এশিয়া মিডিয়া কমিশনের হিসাবে, বাংলাদেশে গত এক দশকে ২৭ জন সাংবাদিক খুন হলেও মাত্র তিনজনকে বিচারের আওতায় আনা হয়েছে। আর শাস্তি হয়েছে মাত্র একজনের।

প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাসহ সাংবাদিকদের ওপর সহিংসতা ও হুমকির জন্য দায়ীদের বিচারের আওতায় না আনা এবং তদন্তের ব্যর্থতার কারণে সাংবাদিকদের বেঁচে থাকার অধিকারই কেবল ক্ষুন্ন হয়নি, ‘বাক স্বাধীনতা এবং তথ্যের অধিকারও’ লঙ্ঘিত হয়েছে।

দক্ষিণ এশিয়া মিডিয়া কমিশনের প্রতিবেদনে বলা হয়, গত বছরের ২৮ মে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বার্তাকক্ষে ঢুকে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে অন্তত নয়জন সাংবাদিক আহত হয়। ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাংবাদিক নেওয়াজ মোহাম্মদ রিফাত ও সালাউদ্দিন ওয়াহিদ প্রীতম।

গত ২২ মে সমকালের পাবনা জেলা প্রতিনিধি ফজলুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ওই হামলার জন্য দুই জনের কারাদণ্ড হয়। পাবনায় হামলার শিকার হন কালের কণ্ঠের প্রতিবেদক আব্দুল্লাহ আল মামুন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর বিরুদ্ধে ‘দুর্নীতির’ প্রতিবেদন করায় তার ভাতিজা আমিনুল ইসলাম মামুনকে হামলা করে বলে অভিযোগ ওঠে। তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিগত কারণে তার ভাতিজা ওই সাংবাদিককে হামলা করেন।

এরপর ২৬ মে ঢাকা উইমেন পলিটেকনিক ইনস্টিটিউটের মেয়েদের আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশি হামলার মুখে পড়েন প্রথম আলোর তিন ফটো সাংবাদিক। কেড়ে নেয়া হয় তাদের ক্যামেরাও। ওই ঘটনার জন্য নয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

গত বছরের শুরুতেই মিরপুরে ক্ষমতাসীন দলের সাংসদ কামাল আহমেদ মজুমদারের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন আরটিভির সাংবাদিক অপর্ণা সিনহা। মনিপুর স্কুলে টাকা নিয়ে ভর্তির অভিযোগ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ ঘটনার শিকার হন তিনি।


এছাড়া প্রথম আলোর সম্পাদক ও একজন জ্যেষ্ঠ প্রতিবেদককে প্রাণনাশের হুমকি, পিরোজপুরে এক সংসদ সদস্যের ১৮ জন সাংবাদিককে হত্যার হুমকি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের হাতে ছয় সাংবাদিকের লাঞ্ছনার ঘটনাসহ বেশ কিছু ঘটনা তারিখসহ উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

মঙ্গলবার ঢাকা ক্লাবে সাউথ এশিয়া মিডিয়া কমিশনের প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক মেরুকরণ দূর হয়নি। এই প্রবণতা গণমাধ্যমে উঠে আসার পর রাজনৈতিক মহল থেকেও কঠোর জবাব এসেছে।

“বাংলাদেশে সাংবাদিকতার ওপর তীব্র প্রভাব ফেলছে প্রধান রাজনৈতিক দলগুলোর বিরোধ, যাতে কোনে কোনো গণমাধ্যমের মধ্যে বিশেষ কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা দিয়েছে। আর এর মধ্য দিয়ে সাংবাদিকরা বিপদের মুখে পড়ছেন।”

প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানকে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০১২ সালে পাকিস্তানে নিহত হয়েছেন ১৩ জন সাংবাদিক। ভারতে নিহত হন পাঁচজন এবং নেপাল ও আফগানিস্তানে দুজন করে।

শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপে কোনো সাংবাদিক খুন হননি। তবে এই দেশগুলোতে সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই বলে প্রতিবেদনে বলা হয়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাংবাদিকদের কাজের পরিবেশ ও বেতন-ভাতা নিয়েও সমস্যা মোকাবেলা করতে হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিকদের বেতন-ভাতার জন্য ওয়েজ বোর্ড ব্যবস্থা নিয়ে সঙ্কটের পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যম বন্ধ হয়ে যাওয়া এবং চুক্তির ভিত্তিতে সাংবাদিকদের নিয়োগের বিষয়টি পেশাদারিত্বের ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করছে বলেও মনে করে দক্ষিণ এশিয়া মিডিয়া কমিশন।  

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের সাউথ এশিয়া মিডিয়া কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান শেলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে সাউথ এশিয়া ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি ও নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ ও সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক বক্তব্য দেন।