‘আউটসোর্সিং’ চান উপদেষ্টারা, আমলাদের ‘না’
প্রস্তাবিত সরকারি কর্মচারী আইন নিয়ে এক আলোচনা সভায় পরস্পরবিরোধী এই মত এসেছে।
প্রশাসনে চুক্তির ভিত্তিতে বাইরে থেকে নিয়োগের পক্ষে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা আবার মত জানালেও তার বিরোধিতা করেছেন আমলারা।
দুই উপদেষ্টা এইচ টি ইমাম ও গওহর রিজভী বলছেন, সরকারি কাজে অনেক সময়েই এমন বিশেষজ্ঞ প্রয়োজন হয়, যা প্রশাসনে পাওয়া যায় না।
অন্যদিকে সরকারি কর্মকর্তাদের দাবি, আইনে এই ধরনের নিয়োগের সুযোগ রাখা হলে তার অপপ্রয়োগ হবে।
সরকারি কর্মচারী আইনের খসড়া নিয়ে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় পরস্পরবিরোধী এই মত এসেছে, ওই খসড়ায় আউটসোর্সিং বা বাইরে থেকে নিয়োগের প্রস্তাব রাখা হয়েছে।
প্রস্তাবিত খসড়া কর্মচারী আইনটি এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদনের আগে সংশ্লিষ্টদের মতামত নেয়া হচ্ছে।
বাইরে থেকে নিয়োগের পক্ষে মত জানিয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, এটা এজন্যই প্রয়োজন যাতে দক্ষ লোকেরা তাদের অবদান রাখতে পারে।
“একই সময় সরকারি কর্মচারীদেরও তাদের নিজস্ব কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য উচিত কমপক্ষে ছয়মাস প্রাইভেট সেক্টরে কাজ করা “
নতুন এই প্রক্রিয়া প্রাইভেট এবং পাবলিক উভয় সেক্টরে অবদান রাখবে বলেও দাবি করেন তিনি।
সাবেক আমলা এইচ টি ইমাম বলেন, যতদিন পর্যন্ত বাংলাদেশ বিদেশি সাহায্যনির্ভর থাকবে, ততদিন এই ধরনের ‘আউটসোর্সিংয়ের’ বিকল্প নেই।
“যখন বিশ্ব ব্যাংক কোনো প্রকল্প শুরু করে, তখন প্রথমেই তারা পরামর্শক নিয়োগ করে প্রাক সম্ভাব্যতা যাচাইয়ের জন্য। এরপর আসে সম্ভাব্যতা যাচাই, তারই প্রকল্পের কাজ শুরু হয়।”
সহকর্মী এইচ টি ইমামের সঙ্গে সহমত পোষণ করে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীও বলেন, এই সুযোগ রাখা হোক বা না হোক, সরকারের এমন কিছু বিশেষজ্ঞ প্রয়োজন হয়, যা প্রশাসন থেকে পাওয়া যায় না।
সরকারি কর্মচারী নিয়োগে একটি সুনির্দিষ্ট আইন প্রণয়নের কথা সংবিধানে থাকলেও স্বাধীনতার চার দশকেও তা হয়নি। বর্তমান সরকার সেই আইন প্রণয়নে হাত দিয়েছে।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, সরকারি কর্মচারী ও কর্মকর্তারা বিধি দ্বারা নির্ধারিত প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ-এই চার শ্রেণিতে বিন্যস্ত থাকবেন। সরকার প্রয়োজন মনে করলে আউটসোর্সিংয়ের মাধ্যমে নির্দিষ্ট শ্রেণি, প্রকৃতি বা কর্মের সেবা সম্পূর্ণ বা আংশিক নিতে পারবে।
প্রস্তাবিত আইনের এই ধারায় আপত্তি জানিয়ে সভায় বিসিএস সমন্বয় সমিতির মহাসচিব ফিরোজ খান সভায় বলেন, “আমরা এর অবসান চাই। কারণ এর অপপ্রয়োগ হতে পারে।”
একই মত জানিয়ে স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহীদ খান বলেন, “সরকার চাইলে আউটসোর্সিং করতে পারে। কিন্তু এটা আইনি বৈধতা পেলে তার অপপ্রয়োগ হবে।”
আলোচনা সভায় সাবেক মন্ত্রিপরিষদ সচিব এইচ টি ইমাম বলেন, জনপ্রশাসনে জ্যেষ্ঠতাই পদোন্নতির একমাত্র মাপকাঠি হওয়া উচিত নয়। মেধা, দক্ষতা, যোগ্যতাকে বিবেচনায় আনতে হবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের ওপরও জোর দেন তিনি।
