নজরুলসাধক সোহরাব হোসেনের চিরবিদায়
স্বাধীনতা পদকজয়ী নজরুলগীতি শিল্পী, সংগীতের শিক্ষক সোহরাব হোসেন আর নেই।
স্বাধীনতা পদকজয়ী নজরুলগীতি শিল্পী, সংগীতের শিক্ষক সোহরাব হোসেন আর নেই।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি বহুমূত্র, হৃদরোগ, ফুসফুস, কানে ইনফেকশন ও বার্ধক্যজনিতসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন বলে জানান তার ছাত্র আরেক নজরুল সঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিল।
অসুস্থতার কারণে ৯১ বছর বয়সী সোহরাব হোসেনকে গত ২৯ নভেম্বর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সংগীতে অবদানের জন্য স্বাধীনতা পদক ও নজরুল একাডেমী পদকসহ বহু সম্মাননা পেয়েছেন শিল্পী, শিক্ষক সোহরাব। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জন্মলগ্ন থেকেই তিনি সম্পৃক্ত ছিলেন।
এছাড়া বুলবুল ললিতকলা একাডেমী, ছায়ানট, শিল্পকলা একাডেমী ও নজরুল একাডেমীতে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন।
সর্বশেষ শিক্ষকতা করেছেন নজরুল ইনস্টিটিউটে। এছাড়া তিনি নজরুল-সংগীত প্রামাণীকরণ পরিষদ ও নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডে সদস্য হিসাবে এবং ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
এ সংগীত সাধকের মৃত্যুতে শোক প্রকাশ করে সংগীত শিল্পী পাপিয়া সারওয়ার বলেন, “তার মৃত্যুতে শুদ্ধ সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।”
ছায়ানটের সাধারণ সম্পাদক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের বাইরে থেকে এক ছেলে ফেরার পর উনার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।তিনি ফিরলে পরিবারের সদস্যরা আলোচনা করে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন।”
১৯২২ সালের ৯ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় জন্মগ্রহণ করেন সোহরাব হোসেন।
স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন তিনি। মেয়েদের মধ্যে রওশন আরা সোমা ও রাহাত আরা গীতি বাবার মতোই নজরুলসঙ্গীত শিল্পী।
