২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদপত্র মজুরি বোর্ডের মেয়াদ বাড়ল

নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ডের মেয়াদ ১৮ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2012, 06:53 PM

Updated : 24 Aug 2022, 12:40 PM

নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ডের মেয়াদ ১৮ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার তথ্যবিবরণীতে বলা হয়, এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। বোর্ডের কার্যপরিধি ও অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।

সংবাদকর্মীদের বেতন কাঠামো ঠিক করতে গত ১৮ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হককে চেয়ারম্যান করে পর্ষদ গঠন করে সরকার।

গত ৫ ডিসেম্বর বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিমকে ওই পর্ষদ থেকে অব্যাহতি দেয়া হয়।

এরপর ১৮ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে ইংরেজি দৈনিক নিউ এইজের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম শহীদুল্লাহ খান বাদলকে এতে অন্তর্ভুক্ত করা হয়।

সপ্তম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ পর্যালোচনা করে সংবাদপত্র ও সংবাদ সংস্থায় নিয়োজিত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীদের জন্য বেতনভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে সুপারিশ করার কথা এই পর্ষদের।

পর্ষদ গঠনের চার মাসের মাথায় গত ১৮ অক্টোবর সংবাদিক ও কর্মচারীদের জন্য ৫০ শতাংশ মহার্ঘভাতার ঘোষণা দেয়া হয়। এরই মধ্যে তথ্যমন্ত্রী জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই অষ্টম ওয়েজবোর্ড ঘোষণা করা হবে।