২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের পিটুনিতে আহত দুই বাংলাদেশি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2012, 07:26 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুই বাংলাদেশি যুবককে পিটিয়ে আহত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বর্ডার গার্ড বাংলাদেশ বলছে, রোববার মধ্যরাতের পর উপজেলার মাসুদপুর সীমান্ত এলাকা থেকে পশ্চিমবঙ্গের মালদহ ২০ বিএসএফ ব্যাটালিয়নের শুভপুর ক্যাম্পের জওয়ানরা তাদের আটক করে বেদম পিটুনি দিয়ে ছেড়ে দেয়।

আহত মোহাম্মদ রফিককে (২৪) রাজশাহীর একটি ক্লিনিকে এবং কসিম উদ্দিনকে (২০) স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

রফিক শিবগঞ্জ উপজেলার ঠুটাপাড়া গ্রামের মফুল আলীর ছেলে এবং কসিম উদ্দিন একই গ্রামের মোহাম্মদ টিপুর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের জানান, মাসুদপুর সীমান্তের ৪ নম্বর পিলারের কাছ দিয়ে ওই দুই যুবক ভারতে প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে। পরে তাদের পিটিয়ে সীমান্তের কাছে ছেড়ে দেয়।

বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানাবে বলে মেজর মিজানুর জানান।

সীমান্তে বিএসএফের নির্যাতন বন্ধে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও।

হিউম্যান রাইটস ওয়াচ ২০১০ সালে এক প্রতিবেদনে বলেছে, হত্যা এবং অন্য মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিএসএফের বিচার হওয়া উচিৎ।

মানবাধিকার সংগঠনগুলোর হিসেবে, গত এক দশকে প্রায় এক হাজার বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হয়েছে। নির্যাতনের ঘটনা অসংখ্য।

সীমান্তে নির্যাতন বন্ধে দীর্ঘদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পর স¤প্রতি বিএসএফকে প্রাণঘাতী নয়, এমন অস্ত্র দেয় ভারত সরকার।